ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
শনিবার সকাল পৌনে ১০টার দিকে ইমেরেটস এয়ারলাইন্সের একটি বিমানে তিনি ঢাকা পৌঁছান।
জিয়া বিমানবন্দরে খালেদাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সাংসদ বরকতউল্লাহ বুলুসহ অনেক নেতা-কর্মী।
সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকা ফেরার পথে বিএনপি চেয়ারপারসন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাত্রাবিরতি দেন বলে জানিয়েছেন তার সফরসঙ্গী প্রেস সচিব মারুফ কামাল খান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ম্যাডাম (খালেদা) ওমরাহ পালন করে শুক্রবার জেদ্দা থেকে রওনা হয়ে দুবাইতে যাত্রা বিরতির সময় ইফতার করেন।"
খালেদা জিয়া বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, "আমি প্রতি বছরই ঈদুল ফিতরের আগে ওমরাহ পালন করতাম। গত দুই বছর যাওয়া হয়নি। এবার গেলাম। রাসুল (স.) এর মাজার জিয়ারত করলাম। দেশের সমৃদ্ধি এবং মানুষের কল্যাণের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছি।"
বিএনপি প্রধান দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন।
বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে গত শুক্রবার খালেদা সৌদি আরব যান।
খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার ছোট ভাই শামীম এস্কান্দার, শামীমের স্ত্রী কানিজ ফাতেমা, ছেলে আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, তাদের দুই মেয়ে জাসিয়া রহমান ও জাহিয়া রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২০০ ঘ.
bdnews24