ঢাকা, মার্চ ১ (বিডিনিউজ ২৪ ডটকম)-বিডিআর সদরদপ্তরের ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে জাতীয় সংসদে আনা শোক প্রস্তাবের উপর এখন আলোচনা চলছে।
রোববার স্পিকার আবদুল হামিদ সংসদ অধিবেশন শুরুর পর দিনের সব কর্মসূচি স্থগিত করে এ শোক প্রস্তাব উত্থাপন করেন।
মাগরিবের নামাজের বিরতি পর্যন্ত শোক প্রস্তাবের উপর সরকারি দল আওয়ামী লীগের তিনজন, জাতীয় পার্টির তিনজন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাসদের একজন করে সাংসদ বক্তব্য দেন।
বিরোধী দলের তিনজন সাংসদ তাদের বক্তব্য উপস্থাপন করেন।
এর আগে দুই দিন বিরতির পর বিকাল তিনটা ৫৫ মিনিটে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। এ অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলের নেতা খালেদা জিয়াও উপস্থিত ছিলেন।
পিলখানা হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে তিনদিনের জাতীয় শোক পালনের শেষ দিনে স্পিকার, সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতাসহ উপস্থিত সব সাংসদ কালো ব্যাজ পরেন।
অধিবেশনের শুরুতে স্পিকার আবদুল হামিদ পিলখানার রক্তক্ষয়ী ঘটনাকে অনাকাঙ্খিত, নৃশংস বর্বরতা বলে অভিহিত করেন।
তিনি নিহত সেনা কর্মকর্তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সেইসঙ্গে স্পিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োচিত সিদ্ধান্তে পিলখানা নারকীয়তার শান্তিপূর্ণ অবসানের জন্য তাকে জন্য ধন্যবাদ জানান।
এছাড়া এ সংকটকালে সশস্ত্র বাহিনীর সংযম প্রদর্শনেরও প্রশংসা করেন স্পিকার। বিরোধী দলীয় নেতাসহ অন্যরা ওই সময় যে সহযোগিতার আশ্বাস দিয়েছেন- তার জন্যও কৃতজ্ঞতা জানান তিনি।
পরে স্পিকার বিডিআর-এর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ নিহত ৪৮ জন সেনা কর্মকর্তা ও মহাপরিচালকের স্ত্রী নাজনীন শাকিল, কর্নেল অবসরপ্রাপ্ত দেলোয়ারের স্ত্রী রওশন ই ফাতেমা আকতার লাভলীর নাম উল্লেখ করে নিহতদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করেন।
একইসঙ্গে তিনি জানান, সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৭২ জন সেনা কর্মকর্তা এখনও নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধার ও সনাক্তকরণের কাজ চলছে। এ কাজ সম্পন্ন হলে শোক প্রস্তাবে তাদের নামও অন্তর্ভুক্ত করা হবে।
এসময় আওয়ামী লীগের সাংসদ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রফিকুল ইসলাম ফ্লোর নিয়ে স্পিকারের উত্থাপিত শোক প্রস্তাবের উপর সংশোধনী প্রস্তাব আনেন।
তিনি বলেন, "বিডিআর সদরদপ্তরে সেনা কর্মকর্তারা 'নিহত' নয়, তাদেরকে পরিবারের সদস্যসহ সুপরিকল্পিতভাবে, বর্বরোচিতভাবে হত্যা করা হয়েছে।"
শোক প্রস্তাবে নিহতদের 'শহীদ' অভিহিত করে সংশোধনী প্রস্তাব আনেন তিনি।
পরে স্পিকার এই সংশোধনী গ্রহণ করেন।
শোক প্রস্তাবের উপর প্রথমে সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতাকে আলোচনার অনুরোধ জানানো হলে বিরোধী দলীয় নেতা এতে আপত্তি জানান।
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেন, "বিডিআর সদর দপ্তরের ঘটনায় সারাদেশের মানুষ উদ্বিগ্ন ও শোকাহত। কাজেই আমরা মনে করি, এ বিষয়ে সংসদে সকলকে কথা বলার সুযোগ দিতে হবে।"
এ পর্যায়ে প্রথম বক্তব্য দেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক।
নিহত সেনা কর্মকর্তাদের জাতির শ্রেষ্ট সন্তান অভিহিত করে তিনি বলেন, "নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। সরকার অল্প বয়স্ক প্রতিনিধি দল পাঠিয়েছে। দ্রুত সমস্য সমাধানে সরকার ব্যবস্থা নিলে এত প্রাণহানি হত না।" তিনি এ হত্যাকাণ্ডের ঘটনায় শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানান।
বাণিজ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সময়োপযোগী অভিহিত করে বলেন, "আলোচনার মাধ্যমে সমাধান না করে সেনা অভিযান চালানো হলে প্রাণহানির সংখ্যা আরও বাড়ত। কারণ, পিলখানার চারপাশে অনেক বেসামরিক লোকের বসবাস। সরকার যে সমাধান দিয়েছে, তা সঠিক।"
তিনি নিহতদের নিয়ে রাজনীতি না করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান।
জাতীয় পার্টির সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ বলেন, "সামরিক বাহিনীকে ধ্বংস করার উদ্দেশ্যে এ হত্যাযজ্ঞ চালানো হয়েছে। এতে কোনো দাবি-দাওয়ার বিষয় ছিল না।"
জাসদের হাসানুল হক ইনু এ ঘটনাকে নারকীয় হত্যাকাণ্ড আখ্যায়িত করে বলেন, "সরকারকে বিপদে ফেলার জন্য এ হত্যাযজ্ঞ ঘটানো হয়েছে। এখন দোষারূপ করার সময় নয়। সংকট উত্তরণে সবাইকে এগিয়ে আসতে হবে।"
এরপর বক্তব্য রাখেন সরকারি দলের সাংসদ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুবিদ আলী ভুঁইয়া, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, হুইপ মির্জা আজম, জাসদের মাইনুদ্দিন খান বাদল, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাতীয় পার্টির এবিএম রুহুল আমিন হাওলাদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জিএম কাদের, বিএনপি'র এএম মাহবুবউদ্দিন খোকন, নজরুল ইসলাম মঞ্জু ।
বিডিনিউজ ২৪ ডটকম /এসএম/এমএইচসি/এইচএ/১৯৪৬ঘ.
bdnews24