২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ উপজেলার ফলাফল স্থগিত

২২ জানুয়ারি অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের সাতটি উপজেলার ফলাফল গেজেট আকারে প্রকাশ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2009, 09:27 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২২ জানুয়ারি অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের সাতটি উপজেলার ফলাফল গেজেট আকারে প্রকাশ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। উপজেলাগুলো হচ্ছে- ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, নারায়ণগঞ্জের আড়াইহাজার, কক্সবাজারের টেকনাফ, গাজীপুরের কালীগঞ্জ, বরিশালের মেহেন্দীগঞ্জ, কুমিল্লার মুরাদনগর ও নরসিংদীর রায়পুরা। বিভিন্ন উপজেলায় নির্বাচন নিয়ে আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার নির্বাচন কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, "সাতটি উপজেলার ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত রাখা হয়েছে। বিভিন্ন অভিযোগ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। "এসব উপজেলা হচ্ছে- ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, নারায়ণগঞ্জের আড়াইহাজার, কক্সবাজারের টেকনাফ, গাজীপুরের কালীগঞ্জ, বরিশালের মেহেন্দীগঞ্জ, কুমিল্লার মুরাদনগর ও নরসিংদীর রায়পুরা। এসব উপজেলার অভিযোগ বিচারবিভাগীয় তদন্ত সাপেক্ষে পূর্ণাঙ্গ গণতদন্ত করা হবে।" সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশন এটিএম শামসুল হুদা ও অপর নির্বাচন কমিশনার মুহাম্মাদ ছহুল হোসেন, কমিশন সচিব মো. হুমায়ুন কবিরসহ ইসির কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। এর আগে নির্বাচনের দিন চারটি উপজেলার (ব্রাহ্মণবাড়িয়ায় সদর, লক্ষ্মীপুরের রামগঞ্জ, কুমিল্লার বরুড়া ও সিরাজগঞ্জের বেলকুচি) এবং নির্বাচনের আগে খাগড়াছড়িরর দিঘীনালা এবং কক্সবাজারের উখিয়া উপজেলার নির্বাচন স্থগিত করে ইসি। এই ছয়টি উপজেলায় পুনর্নিবাচন হবে জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, "ছয়টি উপজেলায় কার দোষে নির্বাচন স্থগিত করার মতো ঘটনা ঘটেছে এবং কারা জড়িত ছিল ও কোথায় গাফিলতি হয়েছে সে বিষয়েও জুডিশিয়াল ইনকয়ারি করা হবে। এ সংক্রান্ত নির্দেশনা শিগগিরই দেওয়া হচ্ছে।" এই ১৩টি উপজেলা ছাড়া বাকি উপজেলাগুলোর ফলাফল গেজেট আকারে প্রকাশে কোনো বাধা নেই বলে জানান সাখাওয়াত হোসেন। ২২ জানুয়ারি দেশে ৪৮১ টি উপজেলায় নির্বাচনের সময়সূচী নির্ধারিত ছিল। কয়েকটি উপজেলার কিছু কেন্দ্রে নির্বাচন স্থগিত থাকায় প্রয়োজন অনুসারে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে নির্বাচন করা হবে বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বলেন, "২২ জানুয়ারির নির্বাচনে যেসব মন্ত্রী ও সাংসদ রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী তদন্ত হবে।" নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, "নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য নির্বাচন কমিশন দায়ী- এ রকম আইন আছে কিনা আমাদের জানা নেই। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আইনটি ভাল করে দেখেন নি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে আইনটি দেখে নেওয়া ভাল।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/জিএনএ/১৫২৬ ঘ.