২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে আবার হাসপাতালে ভর্তি

শেখ হাসিনাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে কারাবন্দি শেখ হাসিনাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন তার চিকিৎসক প্যানেলের প্রধান অধ্যাপক ডা. সানোয়ার হোসেন। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2008, 06:44 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে কারাবন্দি শেখ হাসিনাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন তার চিকিৎসক প্যানেলের প্রধান অধ্যাপক ডা. সানোয়ার হোসেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য এই দিন সকাল সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগ সভানেত্রীকে বিশেষ কারাগার থেকে স্কয়ার হাসপাতালে আনা হয়। নিয়মিত পরীক্ষার জন্যই শেখ হাসিনাকে হাসপাতালে আনা হয় বলে জানান কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী। অধ্যাপক সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বাস্থ্য পরীক্ষার পর হঠাৎ করেই শেখ হাসিনার রক্তচাপ ওঠানামা করতে শুরু করলে পূর্ণ চিকিৎসার জন্য তাকে হাসপাতালে রাখার সিদ্ধান্ত হয়।" দুপুরে হাসপাতাল থেকে বেরিয়ে কারা উপ-মহাপরিদর্শক সাংবাদিকদের বলেন, "হাসপাতালে আনার পর শেখ হাসিনার বিভিন্ন পরীক্ষা হয়েছে। বিশেষ করে কানের পরীক্ষা হয়েছে। " সন্ধ্যার দিকে সামসুল হায়দার জানান, শেখ হাসিনাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার রক্তচাপ ওঠানামা করার কারণেই ডাক্তাররা তাকে হাসপাতালে রেখেই চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেন। এদিকে শেখ হাসিনাকে হাসপাতালে ভর্তির খবর পেয়ে তার সহকারী হাসান মাহমুদ হাসপাতালে যান। তিনি সাংবাদিকদের বলেন, "একবার হাসপাতালে নেওয়া আবার ফিরিয়ে আনা- এভাবে নেত্রীকে (হাসিনার) নিয়ে টানা-হেঁচড়া চলছে।" শেখ হাসিনাকে মুক্তি দিয়ে তার 'সুচিকিৎসা'র দাবি জানান হাসান মাহমুদ। গত রোববারও স্কয়ার হাসপাতালে শেখ হাসিনার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ওই দিন শেখ হাসিনার স্বাস্থ্য পরীক্ষায় গঠিত প্যানেলের সাত জন চিকিৎসকই পর্যায়ক্রমে তাকে পরীক্ষা করেন। চিকিৎসকরা হলেন, অধ্যাপক সানোয়ার হোসেন, সারওয়ার-ই-আলম, তৌহিদুল ইসলাম, আরশাদুল আমিন, শাহিল মাহমুদ, মিজানুর রহমান ও শাহ আলম। এর আগে গত ১১ মার্চ শেখ হাসিনাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২০ দিন পর ৩০ মার্চ তাকে হাসপাতাল থেকে ফেরত পাঠানো হয়। ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দুর্নীতির মামলায় সেদিনই তাকে সংসদ ভবন এলাকার বিশেষ আদালতে হাজির করা হয়। সেদিন শেখ হাসিনা আদালতে অভিযোগ করেন, চিকিৎসা শেষ হওয়ার আগেই তাকে হাসপাতাল ছাড়তে বাধ্য করা হয়েছে। ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় গত মঙ্গলবার হাসিনাকে আদালতে হাজির করা হয়। সেদিন তিনি অসুস্থ বোধ করলে মামলার কার্যক্রম বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়। বৃহস্পতিবার শুনানি শেষে ওই মামলার কার্যক্রমের পরবর্তী তারিখ আগামী সোমবার নির্ধারণ করা হয়। 'সুচিকিৎসা'র জন্য শেখ হাসিনাকে বিদেশ পাঠাতে দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ নেতারা দাবি জানিয়ে আসছে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, শেখ হাসিনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর কোনও সিদ্ধান্ত এ মুহূর্তে সরকারের নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত বছরের ১৬ জুলাই গ্রেপ্তার করা হয়। সংসদ ভবন এলাকার একটি বাসাকে বিশেষ কারাগার ঘোষণা করে গ্রেপ্তারের পর থেকেই তাকে সেখানে রাখা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/কিউএইচ/এমআই/১৩৪৬ ঘ.