নীলফামারী, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারীতে জাতীয় পার্টির নেতা-কর্মীদের হামলায় বিভিন্ন সংবাদ মাধ্যমের স্থানীয় ছয় সাংবাদিক আহত হয়েছেন। মঙ্গলবার নীলফামারী শহরের জাতীয় পার্টির (জাপা) কার্যালয় চত্ত্বরে দলের কর্মী সভার সংবাদ সংগ্রহ করতে গেলে হামলার শিকার হন পাঁচজন। সন্ধ্যায় আবারও হামলার শিকার হন আরেক সাংবাদিক।
জাপার কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও জেলা জাপা সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, তার সহযোগী জালাল উদ্দীন ও তাদের সমর্থক জাপার নেতা-কর্মীরা এ হামলা চালায়।
আহতদের মধ্যে ইটিভির নীলফামারী প্রতিনিধি মঞ্জুুরুল আলম সিয়াম এবং এটিএন বাংলার প্রতিনিধি রতন সরকারকে জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া আরটিভি'র হাসান রাব্বী প্রধান, চ্যানেল আই'র সুভাষ চন্দ্র বিশ্বাস, দৈনিক ডেসটিনির প্রতিনিধি আবু সাঈদ অপু এবং দৈনিক নওরোজ'র প্রতিনিধি আল-আমিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হামলার প্রতিবাদে স্থানীয় সাংবাদিকরা জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের সংবাদ বর্জনের ঘোষণো দিয়েছে। তারা জাপার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা জাপার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।
মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুরের এক কর্মীসভায় তিনি নীলফামারী-৪ আসনের প্রার্থী হিসেবে স্থানীয় জাপা নেতা শওকত চৌধুরীর নাম ঘোষণা করেন।
এরপর দুপুরে নীলফামারী জেলা জাপা কার্যালয় চত্ত্বরে আয়োজিত কর্মীসভায় তিনি এ জেলার অপর তিনটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেননি। সভা শেষে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা এরশাদের কাছে এ তিনটি আসনে জাপা প্রার্থীর নাম জানতে চান। প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জাপার কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও জেলা জাপা সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, তার সহযোগী জালাল উদ্দীন ও তাদের সমর্থক জাপার নেতা-কর্মীরা সাংবাদিকদের উপর হামলা চালায়। এ সময় জয়নাল আবেদীন সংবদিকদের অশালীন ভাষায় গাল দেন।
তারা ইটিভি'র নীলফামারী প্রতিনিধি মঞ্জুরুল আলম সিয়ামকে লাথি, কিল ঘুষি মেরে মাটিতে ফেলে দেন। তাকে রক্ষা করতে এলে জাপা নেতা-কর্মীরা আরটিভি প্রতিনিধি হাসান রাব্বী প্রধান, চ্যানেল আই প্রতিনিধি সুভাষ চন্দ্র বিশ্বাস, দৈনিক ডেসটিনি প্রতিনিধি আবু সাঈদ অপু এবং দৈনিক নওরোজ প্রতিনিধি আল-আমিনকেও মারধর করেন।
সন্ধ্যায় সিয়ামকে দেখে জয়নাল আবেদীন হাসপাতাল থেকে বের হয়ে এটিএন বাংলার প্রতিনিধি রতন সরকারকে দেখে তার ওপর চড়াও হন। জয়নাল আবেদীনের কিল ঘুষিতে রতন জ্ঞান হারিয়ে ফেলেন।
এ ঘটনার পর সদর হাসপাতাল এবং শহরের বিভিন্ন সংবাদপত্র কার্যালয়ে পুলিশ মোতায়নে করা হয়েছে বলে জানিয়েছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।
তিনি জানান, হামলায় ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়ে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন- জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল ইসলাম, সিপিবি সভাপতি শ্রীদাম দাস, জামায়াতের শহর আমির মনিরুজ্জামান মন্টু, ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল ওয়াহেদ জামান, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ আলাল, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাহিদ মাহমুদ, ছাত্রদল সাধারণ সম্পাদক মোর্শেদ আজম, নীলফামারী রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মীর সেলিম ফারুক প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২২ ঘ.
bdnews24