ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ সদস্যের একটি জাতিসংঘ প্রতিনিধি দল শুক্রবার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তারা নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ফারুক চৌধুরী।
জাতিসংঘ প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব বান কি-মুনের তিনজন সহকারী এবং জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেজালিয়েন ও তার সহকারী।
আগামী ১ নভেম্বর বান কি-মুনের বাংলাদেশ সফরের কথা। তার সফরের আগে জাতিসংঘের কর্মকর্তারা ১৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশ্লিষ্ট মহলগুলোর সঙ্গে বৈঠক করছেন। এর অংশ হিসেবে প্রতিনিধি দলটি আওয়ামী লীগের সঙ্গে এ বৈঠক করে।
ফারুক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের আগ্রহের কথা তাদের পরিস্কার করে জানিয়েছি আমরা। ডিসেম্বরের ১৮ তারিখ অবশ্যই নির্বাচন হতে হবে।"
১৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিবকে অবহিত করবেন কর্মকর্তারা।
ফারুক চৌধুরী বলেন, "সরকারকে নির্বাচন-অনুকূল পরিবেশ তৈরি করতে হবে- আমরা এ ব্যাপারে তাদের বলেছি। আওয়ামী লীগ তার অংশটুকু শেষ করেছে।"
জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফরের সময় দলীয় নেতাদের সঙ্গে দেখা করতে পারেন বলে জানান তিনি।
ফারুক চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে আরো উপস্থিত ছিলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এইচ টি ইমাম, আবুল মাল আব্দুল মুহিতসহ আরো দুই আওয়ামী লীগ নেতা।
অভিবাসন সম্পর্কিত আন্তর্জাতিক বৈঠকে যোগ দিতে ২৯ অক্টোবর ফিলিপাইন যাবেন বান কি-মুন। ৩০ অক্টোবর তিনি কাঠমান্ডু যাবেন। সেখান থেকে ১ নভেম্বর তার ঢাকা আসার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/জিএনএ/২১০০ ঘ.
bdnews24