২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতাবিরোধী বক্তব্যের জন্য জামায়াতের কাদের মোল্লার বিরুদ্ধে মামলা

স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী বক্তব্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে মাদারীপুরে মামলা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2007, 11:45 AM

Updated : 26 Aug 2022, 08:54 PM

মাধদারীপুর, নভেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী বক্তব্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে মাদারীপুরে মামলা করা হয়েছে। মাদারীপুর আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী মো. ওবাইদুর রহমান খান বাদী হয়ে বৃহস্পতিবার মাদারীপুরের প্রধান বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট এ এস এম মাহবুবুল হকের আদালতে মামলাটি দায়ের করেন। আব্দুল কাদের মোল্লাকে একজন শঠ, প্রতারক, ধর্মান্ধ হিসেবে উল্লেখ করে মামলায় অভিযোগ করা হয়, তিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত এবং দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে বক্তৃতা, বিবৃতি দিচ্ছেন। মামলায় আরও অভিযোগ করা হয়, কাদের মোল্লা ঢাকার বায়তুল মোকাররম মসজিদের খতিব উবায়দুল হকের স্মরণসভায় বলেছেন, কেউ সুন্দরী নারীর লোভে, কেউ হিন্দুর সম্পদ লুণ্ঠন, কেউ ভারতীয় স্বার্থরক্ষায় মুক্তিযুদ্ধে অংশ নেয়। তার এ বক্তব্যের মধ্যে দিয়ে বাংলাদেশ রাষ্ট্রসৃষ্টির নিন্দা করার পাশাপাশি এর সার্বভৌমত্বের বিরোধিতা করা হয়েছে। এছাড়া, ওই বক্তব্যের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সব পক্ষ অপমানবোধ করেছে বলেও অভিযোগ করেছেন ওবাইদুর রহমান খান। এসব কারণ দেখিয়ে তিনি দণ্ডবিধির ১২৩/ক ও ৫০৪ ধারায় মামলাটি দায়ের করেন। প্রথম ধারাটিতে রাষ্ট্রদ্রোহের উপাদান ও দ্বিতীয়টিতে জনমনে শান্তিভঙ্গের বিষয় রয়েছে। কাদের মোল্লার বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশকারী ইত্তেফাক পত্রিকার সম্পাদক আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক রাহাত খান, প্রকাশক সাজু হোসেন, বার্তা সম্পাদক, সংশ্লিষ্ট প্রতিবেদক এবং মাদারীপুর নতুন শহরের জাকির হোসেনকে মামলায় সাক্ষী করা হয়েছে। বিচারক মামলাটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মাদারীপুর সদর থানায় পাঠিয়েছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আব্দুস সাত্তার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মামলা হওয়ার কথা তিনি শুনেছেন। তবে বিকেলে পর্যন্ত আদালত থেকে এ সংক্রান্ত কাগজপত্র থানায় পৌঁছায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/এমএ/১৭৩৬ ঘ.