২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ এশিয় অর্থনৈতিক ইউনিয়ন গঠন করতে প্রধানমন্ত্রীর আহ্বান

সার্ক চেয়ারপারসন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সার্কভূক্ত সাতটি দেশের প্রতি সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে নানা প্রকল্প ও কর্মসূচির মাধ্যমে দক্ষিণ এশিয় অর্থনৈতিক ইউনিয়ন গঠন করার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2006, 09:06 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

তিনি বলেন, ‘একুশ শতক এখন এশিয়ার দখলে। দক্ষিণ এশিয়ার সম্ভাবনাকে আমরা কাজে লাগাতে চাই, যাতে করে আমাদের এই অঞ্চল তার ভূমিকা রাখতে পারে । দ্রুত ও গভীর অর্থনৈতিক সম্পর্কই এ বিষয়ে আমাদের সহায়তা করতে পারে’।

রাজধানীর হোটেল শেরাটনে ২৭ তম সার্ক মন্ত্রী পরিষদ বৈঠকের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী এ কথা বলেন। আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে অর্থনৈতিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে তিনি  বলেন, সার্ক শান্তিময় ও অর্থনৈতিকভাবে শক্তিশালী দক্ষিণ এশিয়া গড়ে তোলার বাহন হতে পারে।

পরিবেশ উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে দারিদ্য দূরীকরণের স্থায়ী উপায় খুঁজে বের করতে  তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সাতটি দেশের আঞ্চলিক ফোরাম সার্কের নতুন সদস্য আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রী রানজিন দাদফার স্পান্টা বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এম.  মোর্শেদ খান বৈঠকে সভাপতিত্বে করেন।

এতে বক্তব্য রাখেন সার্কের মহাসচিব চেঙ্কিয়াব দর্জি, ধন্যবাদ জ্ঞাপন করে আরো বক্তব্য দেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ই. আহমেদ।

সার্কভূক্ত সাতটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এতে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন।