২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করতে চেয়ে বঙ্গভবনে শেখ হাসিনার পত্র

সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অসুস্থ রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দীন আহম্মেদের সঙ্গে সাক্ষাত করার আকাঙ্খা প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

বিরোধী দলীয় নেতার একান্ত সচিব সেলিমা খাতুন রাষ্ট্রপতির সচিবের কাছে পাঠানো এক পত্রে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার সৌজন্য সাক্ষাতের জন্য সুবিধামতো সময়সূচি নির্ধারণের আবেদন জানান।

রাষ্ট্রপতি সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফেরার পরেও দায়িত্বভার গ্রহণ না করায় এরইমধ্যে বিরোধী দলীয় নেতার তীব্র সমালোচনা রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি করেছে।

আওয়ামী লীগ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বুধবার জাতীয় সংসদের বৈঠকে বলেছেন, আমরা রাষ্ট্রপতির সঠিক শারীরিক অবস্থা জানতে চাই।

রাষ্ট্রপতিকে ২৪ মে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।  সেখানে ২৬ মে তার বাইপাস সার্জারী করা হয়। চিকিৎসা শেষে প্রায় এক মাস পর ২০ জুন তিনি দেশে ফেরেন।

রাষ্ট্রপতির প্রটোকল ছাড়াই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়।

একইদিন সিএমএইচে শুধু প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছাড়া আর কাউকে তার সঙ্গে সাক্ষাত করতে দেওয়া হয়নি। সিএমএইচে তিনদিন অবস্থানের পর রাষ্ট্রপতি বঙ্গভবনে ফিরলেও এখনো তিনি দায়িত্বভার গ্রহণ করেননি।

তার অবর্তমানে স্পিকার ব্যারিস্টার জমির উদ্দীন সরকারকে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয় এবং এখনো তিনি সেই দায়িত্বই পালন করছেন।