উদীচী হত্যা হামলা: ২৩ জন আসামী বেকসুর খালাস
চাঞ্চল্যকর উদীচী হত্যা হামলা মামলার রায়ে অভিযুক্ত ২৩ আসামীকে আদালত বুধবার বেকসুর খালাস দিয়েছেন।
যশোরের জেলা জজ (স্পেশাল জজ) মোহাম্মদ আবুল হোসেন বেপারী বুধবার সকাল ১১টা ৫০ মিনিটে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামী মিজানুর রহমান মিজান ছাড়া বাকি ২২ জন কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আসামীরা হচ্ছে -- মহিউদ্দিন আলমগীর, সিরাজুল ইসলাম, আবুল খায়ের, নুরুন্নবী এবং তার ভাই আহসান কবীর হাসান ও মিজান, আশরাফুল আলম ওরফে বেড়ে বাবু, মেহেদী হাসান লিটু, মোকাদ্দেস হাসান বাবু, মুরাদ ওরফে ভেজাল মুরাদ, সাইদুর রহমান সাঈদ, নওশের আলী, শরিফুল ইসলাম ওরফে মিন্টা, রবিউল ইসলাম ওরফে মরণ, সাইফুল ইসলাম, মোস্তফা ওরফে মাস্তান, সোহরাব, সুলতান ওরফে নান্টু, দাউদ সরদার, আসাদুজ্জামান ওরফে হারান্যা খোকন. তব্বির মোড়ল ওরফে তবি মোড়ল, অশোক কুমার ও মহসীন।
এরআগে ২০০৩ সালের ১২ আগস্ট এই মামলার অন্যতম আসামী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং বর্তমান পরিবেশ ও বনমন্ত্রী তরিকুল ইসলাম মামলা থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে অব্যাহতি পান।
রায় ঘোষণাকালে বিচারক বলেন, রাষ্ট্রপক্ষ পর্যাপ্ত তথ্যপ্রমান উপস্থাপনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা রাজনৈতিকভাবে প্রভাবান্বিত হয়ে রিপোর্ট দেন। আসামী ও সাক্ষীদের ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করেননি। পাঁচজন আসামী এবং সাতজন সাক্ষীকে অবৈধভাবে ঢাকায় নিয়ে জোরপূর্বক জবানবন্দী আদায় করা হয়; যা তদন্তকারী কর্মকর্তা দুলাল উদ্দিন আকন্দ স্বীকার করেছেন। এ কারণে ওই জবানবন্দী গ্রহণযোগ্য নয়।
বিচারক বলেন, মামলার বাদী এসআই আজিজ ও তদন্তকারী কর্মকর্তা দুলাল উদ্দিন আকন্দের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা ও তা কার্যকর করতে সংশ্লিষ্ট বিভাগকে বলা হচ্ছে।
তিনি আরো বলেন, আদালত পর্যাপ্ত তথ্যপ্রমান চায়। প্রমান ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করা আদালতের পক্ষে সমীচীন নয়।
তিনি বলেন, ন্যায় বিচারের সার্থে রাষ্ট্রপক্ষ আসামী পক্ষের আইনজীবীদের বক্তব্য, সাক্ষীদের জবানবন্দী এবং পর্যাপ্ত তথ্যপ্রমাণের অভাবে এটাই প্রমাণিত হয় যে, আসামীরা নির্দোষ। এ কারণে তাদের সকলকে খালাস দেওয়া হল।
বিচারক বলেন, র্যাবের হাতে আটক হরকাতুল জেহাদ আল ইসলামী, বাংলাদেশ (হুজিবি) প্রধান মুফতি হান্নান উদীচী হত্যাযজ্ঞের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। কিন্তু এতে প্রমান হয় না যে, অভিযুক্তরাও এর সাথে জড়িত।
এরআগে গত ৩০ মে রায় ঘোষণার দিন থাকলেও সেদিন রাষ্ট্র ও আসামী পক্ষের আইনজীবীদের মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আইনজীবীদের এ মামলায় অধিকতর আইনী ব্যাখ্যা প্রয়োজন বলে মত প্রকাশ করেন। বিচারক ২৭ জুন মামলার পূর্ণাঙ্গ যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করেন।
উদীচী মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত চত্ত্বরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আদালত প্রাঙ্গণ ছিল লোকে লোকারণ্য। বিপুল সংখ্যক সাদা এবং পোশাকধারী পুলিশ আদালত চত্ত্বরে অবস্থান নেয়।
যশোর টাউন হল ময়দানে উদীচী শিল্পী গোষ্ঠীর দুদিনব্যাপী দ্বাদশ জাতীয় সম্মেলনের অনুষ্ঠানের শেষ দিন ১৯৯৯ সালের ৬ মার্চ রাত ১টা ১০ মিনিটে পরপর দুটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে।
বোমা হামলায় তপন, সন্ধ্যা, রতন, ইলিয়াস, শাহ আলম, মিলনসহ ১০ জন নিহত হন; আহত হয় শতাধিক। আহতদের মধ্যে ১০ জন পঙ্গু হয়ে গেছেন।
ওই ঘটনার পরদিন ৭ মার্চ যশোর কোতোয়ালি থানার এসআই আব্দুল আজিজ বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন।
নারকীয় এই হত্যাকাণ্ডের তিনদিনের মাথায় মামলাটি সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলার দায়িত্ব পান সিআইডির যশোর জোনের তৎকালীন এএসপি দুলাল উদ্দিন আকন্দ।
প্রায় নয় মাস তদন্তের পর দুলাল উদ্দিন আকন্দ ১৯৯৯ সালের ১৪ ডিসেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর ২০০১ সালের ২৯ ডিসেম্বর বিচারপতি আবদুল বারী সরকারের নেতৃত্বে উদীচীসহ সাতটি বোমা হামলার তদন্তে তিন সদস্যর একটি কমিশন গঠন করা হয়।
এ কমিশন ২০০২ সালের ১৬ সেপ্টেম্বর সরকারের কাছে একটি প্রতিবেদন দাখিল করেন। তাতে উদীচী হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতারা জড়িত বলে মত প্রকাশ করা হয়।
২০০৫ সালের ২৯ জুন ২৩ জনকে অভিযুক্ত করে মামলার কাজ শুরু হয়।
যশোরের স্পেশাল জজ মোহাম্মদ আবুল হোসেন বেপারীর আদালতে ২০০৫ সালের ২৯ ডিসেম্বর মামলার যুক্তিতর্ক শুরু হয়।
চলতি বছরের ২৩ ফেব্র“য়ারি সরকার পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক গ্রহণ সম্পন্ন হয়। আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক গ্রহণ শেষ হয় ২৫ মে।
মামলার রায় সম্পর্কে সরকার পক্ষের এপিপি মীর আলী মোর্তজা জানান, রায়ের কপি হাতে না পেয়ে তিনি কোন মন্তব্য করবেন না। রায়ের কপি পাওয়ার পরই তারা উচ্চ আদালতে যাবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
মামলায় আসামি পক্ষের আইনজীবী কাজী তৌহিদুর রহমান সন্তোষ প্রকাশ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটেছে। কেননা, সরকার পক্ষ নাজেহালমূলক এ মামলায় সরকার পক্ষ সাক্ষ্যপ্রমাণ দেখাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
রায় ঘোষণার পরপরই আসামী পক্ষের লোকজন উল্লাস প্রকাশ করে শহরে মিছিল সমাবেশ করেছে।
