২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিপূর্ণভাবে মানিকগঞ্জ-৪ আসনের উপ-নির্বাচন সম্পন্ন

শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে বুধবার মানিকগঞ্জ-৪ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হলেও কয়েকটি কেন্দ্রে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জালভোট দিতে গিয়ে গ্রেফতার হয়েচে ছয় জন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2006, 08:26 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

মোট ৯৩টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

মানিকগঞ্জ সদর  উপজেলার তিনটি ইউনিয়নের ও সিংগাইর উপজেলা নিয়ে গঠিত এ আসনের উপ-নির্বাচনে সাত জন প্রার্থী অংশ নেন। প্রার্থীরা হলেন-- জোট প্রার্থী মঈনুল ইসলাম খান শান্ত (ধানের শীষ), নাগরিক কমিটির প্রার্থী মুশফিকুর রহমান খান হান্নান (দেয়াল ঘড়ি), কৃষক-শ্রমিক মুক্তি আন্দোলনের কৃষক মো: সাদেক (মোরগ), স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার মিলন (ফুটবল), মোয়াজ্জেম হোসেন তুষার (কাপ পিরিচ), খলিলুর রহমান (চশমা), ও সিরাজুল ইসলাম (হুক্কা)। তবে এ নির্বাচনে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ অংশ নেয়নি।

গত ২২ জানুয়ারি চার দলীয় জোট এমপি সামছুল ইসলাম খান নয়া মিয়ার মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করার জন্য ভোট কেন্দ্র গুলোতে একজন করে ম্যাজিস্ট্রেট, বিপুল সংখ্যক পুলিশ, সেনাবাহিনী ও বিডিআর মোতায়ন করা হয়।

এদিকে কয়েকটি কেন্দ্রে ব্যাপক জাল ভোট ও অনিয়মের অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমান আদালত।

এ আসনে মোট ভোটার সংখ্যা দুই লাখ তিন হাজার ৯২৮ জন।