২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব দল না গেলে জাতীয় পার্টিও নির্বাচনে যাবে না: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, “নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টির মাধ্যমে সব দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে জাতীয় পার্টিও নির্বাচনে যাবে না।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2006, 09:50 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

তিনি বলেন, সুষ্ঠু গণতন্ত্র বিকাশের স্বার্থে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। তাই জাতীয় পার্টি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে সেই নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ বুধবার তার বনানীস্থ কার্যালয়ে জাতীয় পার্টির মনোনয়ন পেতে আগ্রহী খুলনা ও রাজশাহী বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের বিরতির সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এরশাদ বলেন, “চারজন উপদেষ্টার পদত্যাগের কারণে রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়েছে। পরে যে নতুন চারজনকে নিয়োগ দেয়া হয়েছে তাও গ্রহণযোগ্য পদ্ধতিতে হয়নি। ফলে সমস্যা আরও ঘণীভূত হতে পারে।”

সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচন কমিশন সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানের তারিখ অন্তত ৩০ দিন পিছিয়ে দেয়া প্রয়োজন বলে তিনি জানান।

পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের দ্বিতীয় দিনে বুধবার খুলনা ও রাজশাহী বিভাগের ১০৯টি আসনের পাঁচ শতাধিক প্রার্থীর সাক্ষাৎকার নেয়া হয়।

এতে আরও উপস্থিত ছিলেন পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এম এ সাত্তার ও কাজী ফিরোজ রশীদ।

বৃহস্পতিবার বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করার মধ্য দিয়ে সাক্ষাৎকার গ্রহণ শেষ হবে।