সন্ত্রাসীদের হাতে ওই অস্ত্র চলে গেলে মারাত্মক হুমকির মুখে পড়বে দেশ: জেনারেল মুস্তাফিজ
সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মুস্তাফিজুর রহমান বলেছেন, চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্রের চালান উদ্ধারের পর এর মধ্য থেকে কিছু অস্ত্র সন্ত্রাসীদের হাতে গিয়ে থাকলে দেশ মারাত্মক হুমকির মুখে পড়বে।
ওই চালান থেকে খোয়া যাওয়া দু’টি একে-৪৭ রাইফেলসহ দুই পুলিশ সার্জেন্ট এবং আরও দুজন গ্রেফতার হওয়া প্রসঙ্গে শনিবার বিডিনিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
তিনি বলেন, চট্টগ্রামে সরকারি জেটিতে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্রের চালান আটকের পর সেনাবাহিনী এবং প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি উদ্বেগ প্রকাশ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি। সরকারও উদ্বিগ্ন হয়নি। অস্ত্রগুলো কারা এনেছিলো, তাও বের করা হয়নি। এ নির্লিপ্ততা ও নিষ্ক্রিয়তা জাতীয় নিরাপত্তার জন্যে মারাত্মক হুমকির ব্যাপার।
সাবেক সেনা প্রধান বলেন, যে দু’টি আগ্নেয়াস্ত্র ধরা পড়লো, সেগুলো সাধারণ নয়। সেনাবাহিনী ও কম্যান্ডোরা এগুলো ব্যবহার করে থাকে। এ রাইফেলগুলোর পেছনে ফোল্ডিং বার থাকে। ফলে সহজে লুকানো যায়। সঙ্গে নিয়ে চলাচলও সুবিধাজনক। তাই এগুলো সন্ত্রাসীদের হাতে চলে গেলে, তা হবে মারাত্মক হুমকিস্বরূপ।
তিনি প্রশ্ন রাখেন, ১০ ট্রাক অস্ত্র কোত্থেকে এলো, সরকারের গোয়েন্দারা কী করলো-এর জবাব এখনও মেলেনি।
এ ব্যাপারে সাবেক সেনা কর্মকর্তা এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ক্যাপ্টেন তাজুল ইসলাম শনিবার বিডিনিউজকে বলেন, উদ্ধারকৃত ১০ ট্রাক অস্ত্রের ভেতর থেকে সরকারের মদদ বা সহায়তায় আরও অস্ত্র খোয়া যায়নি বা ব্যবহার হয়নি, একথা হলফ করে বলতে পারবে না কেউই।
তিনি বলেন, দেশের মানুষ কিন্তু জানে না, ওই চালানে কতগুলো এবং কী কী অস্ত্র ছিলো। তাই সেগুলোর ভেতর থেকে কোন অস্ত্র এখন কোথায় যাচ্ছে, তা জানে না কেউই।
তিনি বলেন, ২১ আগস্টসহ বিভিন্ন স্থানে ব্যবহৃত গেনেডগুলো যে ওই চালানেরই ছিলোনা, তা কেউ নিশ্চিত করে বলতে পরবে না। ওগুলো এখনও যথারীতি ব্যবহৃত হয়ে যাচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে। এবং এই সন্দেহ অমূলক নয়।
