বোমা হামলার প্রতিবাদে শনিবার সারাদেশে ১৪ দলের সকাল-সন্ধ্যা হরতাল
প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ ১৪ দল ২০ আগস্ট শনিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে।
ঢাকাসহ সারা দেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।
বুধবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যলায়ে অনুষ্ঠিত দলের প্রেসিডিয়ামের জরুরি সভায় এ কর্মসূচি নেয়া হয়।
পরে একই স্থানে ১৪ দলের শীর্ষ নেতৃবৃন্দ বৈঠকে বসেন। বৈঠকে বোমা হামলা ঘটনার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে ১৪ দল শনিবার হরতাল এবং বৃহস্পতি ও শুক্রবার বিক্ষোভ কর্মসূচি চূড়ান্ত করে। বোমা হামলার জন্যে বিএনপি-জামাত জোটকে দায়ী করে সভা থেকে সরকারের পদত্যাগ দাবি করা হয়েছে।
রাতে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্যরা দলের সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে নেত্রীকে সার্বিক পরিস্থিতি ও কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয় বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি রাতে বিডিনিউজকে জানান।
এর আগে বিকেলে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনাকালে বোমা হামলার ঘটনাটিকে নজীরবিহীন বলে উল্লেখ করা হয়। এসময় বোমা হামলার ফলে সৃষ্ট পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনরা করা হয়।
সভার এক প্রস্তাবে বলা হয়, সরকারের প্রত্যক্ষ মদদ ও পরিকল্পনা ছাড়া সার্বক্ষণিক পুলিশী নিরাপত্তার আওতাধীন দেশের সর্বোচ্চ আদালতসহ সকল জেলা আদালত ও জেলা প্রশাসন এবং অন্যান্য স্পর্শকাতর স্থানে অফিস চলাকালে এ ধরনের বোমা হামলা হতে পারে না।
সভায় ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, দেশ পরিচালনায় ব্যর্থ সরকার জনরোষ থেকে গা বাঁচাতে এবং যে কোনো উপায়ে ক্ষমতায় টিকে থাকতে সাংবিধানিক-গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাৎ করার উদ্দেশ্যে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যেই এ ঘটনা ঘটিয়েছে।
বোমা হামলার প্রায় সঙ্গে সঙ্গেই ঢাকাসহ সারা দেশে বিএনপি-জামাত জোট আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল সমাবেশ করার ঘটনাই প্রমাণ করে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিলের আয়োজন রেখেই তারা এ হামলা চালায়।
সভায় বোমা হামলা এবং এর দায় আওয়ামী লীগের ওপর চাপানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
