২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার প্রস্তাবে জনগণের দাবির প্রতিফলন ঘটেছে: ড. কামাল

তত্তাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে আনা ১৪ দলের সমন্বিত প্রস্তাবনাগুলো দেশের জনগণের দাবির প্রতিফলন ঘটাতে সক্ষম হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 07:30 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

শুক্রবার এক সংবাদ সম্মেলন আনুষ্ঠানিক ভাবে প্রস্তাবনাগুলো ঘোষণার পরে জাতীয় প্রেস ক্লাবের ক্যাফেটরিয়াতে সাংবাদিকদের সাথে আলাপকালে গণফোরাম সভাপতি এবং ১৪ দল জোটের অন্যতম নেতা ড. কামাল হোসেন একথা বলেন।

তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, জনগণ এই সংস্কার প্রস্তাবগুলোকে ব্যাপক গুরুত্ব ও উৎসাহ সহকারে গ্রহণ করবে। বর্তমান রাজনৈতিক অবস্থা ও সময়ের পরিবর্তনের কারণে  তত্তাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন ব্যাবস্থার মৌলিক পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ।

১৪ দলের পক্ষ থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে সংস্কার প্রস্তাবনাগুলো উত্থাপন করেন।

ড. কামাল জানান, গণতন্ত্রকে একটি শক্ত অবস্থানে নিয়ে যাওবার জন্য তত্তাবধায়ক সরকার ব্যাবস্থা, নির্বাচন কমিশন এবং নির্বাচন বিধির সংস্কার খুবই প্রয়োজন।

তিনি বলেন, জনগণের প্রতি জবাবদিহিতা এবং তত্তাবধায়ক সরকারের ক্ষমতা লাভ ও নির্বাচন কমিশন নিয়ে দ্বন্দ্ব নিরসনের জন্য সংস্কার ছাড়া আর কোন বিকল্প নেই।

প্রথিতযশা এ আইনজীবী আরও জানান, দেশে সুন্দর ও সুষ্ঠূ নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্তমান তত্তাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও নির্বাচন বিধির ব্যবস্থায় অনেক ফাঁকফোঁকর তৈরি হয়েছে।

তিনি বলেন, সংস্কার প্রস্তাবনায় আশাহত বিয়ষগুলোকে চিহ্নিত করে তা দূর করার দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

গণফোরাম নেতা বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংস্কার প্রস্তাবনাগুলো আশাব্যঞ্জক।

অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি জানান, সংস্কার প্রস্তাবনাগুলো শুধুমাত্র ১৪ দলের মধ্যে আলোচনার মাধ্যমে তৈরি করা হয়নি।  এতে নাগরিক সমাজের নেতা ও বিভিন্ন পেশাজীবীদের মতামতও রয়েছে। 

তিনি বলেন, অবাধ, নিরপেক্ষ, অর্থবহ ও  গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সংস্কার প্রস্তাবনাগুলো     বাস্তবায়নের কোন বিকল্প নেই।