জোট সরকারের বিদায় ঘণ্টা বেজে উঠেছে: যুবলীগের সমাবেশে জলিল
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি মঙ্গলবার বলেছেন, জোট সরকারের বিদায় ঘণ্টা বেজে উঠেছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে এ সরকারের পতন ঘটাতে হবে।
ছাত্রদল কর্তৃক জাতীয় পতাকায় অগ্নি সংযোগ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাংচুরের প্রতিবাদে আওয়ামী যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বতৃতায় তিনি এ কথা বলেন।
আব্দুল জলিল বলেন, আইয়ূব ইয়াহিয়াও বিদায়ের বেলায় আ’লীগের নেতা কর্মীদের হত্যা করেছিল। কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি। জোট সরকারেরও শেষ রক্ষা হবে না। খালেদা নিজামী পালাবার পথ খুঁজে পাবে না।
যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ওবায়দুল কাদের, আব্দুর রহমান, মির্জা আজম এমপি, হারুনূর রশিদ, মুজিবুর রহমান চৌধুরী, মহিউদ্দিন আহমেদ মহি, নুরুন্নবী চৌধুরী শাওন, মাইনুল হোসেন খান নিখিল ও আমির হোসেন গাজী।
