সদস্যপদ হারানোর ঝুঁকির মুখে হাসিনাসহ আ’লীগের এমপিরা, অনুপস্থিতির খাতায় খালেদা এগিয়ে
প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সদস্যপদ হারানোর ঝুঁকি এড়াতে সংসদের আগামী অধিবেশনে যোগ দিতে পারে। তবে একই সঙ্গে তাদের সরকার বিরোধী চূড়ান্ত আন্দোলনের কৌশল হিসেবে আগামী বছরের শুরুর দিকে পদত্যাগ করে সংসদ থেকে স্থায়ীভাবে বেরিয়ে আসার পরিকল্পনা রয়েছে।
দলীয় সূত্র জানায়, সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ তার দলের সাংসদরা এখন সদস্যপদ হারানোর ঝুঁকির মুখে। আর ২২টি কার্যদিবস অনুপস্থিত থাকলেই তাদের আসন শূন্য হয়ে যাবে। শেখ হাসিনার হাতে রয়েছে মাত্র ১৮টি কার্যদিবস।
এদিকে সংসদ সচিবালয় সূত্র জানায়, শেখ হাসিনা চলতি অষ্টম জাতীয় সংসদের চার বছরে ১৮ টি অধিবেশনে মোট ২৩ দিন উপস্থিত ছিলেন। এক নাগাড়ে তিনি অনুপস্থিত রয়েছেন ৭২টি কার্যদিবস।
অন্যদিকে সংসদ নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চলতি সংসদে মোট ১৫৬টি কার্যদিবস উপস্থিত ছিলেন। সংসদ নেতা ও সরকার প্রধান হয়েও তিনি সংসদে মোট কার্যদিবসের প্রায় অর্ধেক অনুপস্থিত রয়েছেন।
অন্যদিকে সাবেক বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আওয়ামী লীগ সরকার আমলে পাঁচ বছরে ২৩টি অধিবেশনে ৩৮২টি কার্যদিবসে মাত্র ২৯ দিন উপস্থিত ছিলেন।
আর তৎকালিন সংসদ নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উপস্থিতির হার ছিল প্রায় ৯৫ ভাগ।
সূত্র জানায়, সংবিধান অনুযায়ী সংসদ অধিবেশনে টানা ৯০টি কার্যদিবস অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট সদস্যের আসন শূন্য হয়ে যায়। আওয়ামী লীগ দলীয় এমপিরা সংসদ থেকে টানা অনুপস্থিত রয়েছেন ৭২ দিন। এই সংসদের মেয়াদ রয়েছে আর এক বছর।
এক্ষেত্রে সংসদ আর ২২টি কার্যদিবস চললেই দলের বেশ কয়েকজন সাংসদ তাদের সদস্যপদ হারাবেন। বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সংসদ সদস্য পদ হারাবেন ১৮ দিনেই। এর আগেও অবশ্য আওয়ামী লীগ এমন পরিস্থিতিতে পড়ে।
পঞ্চম জাতীয় সংসদে টানা ৯০ দিন অনুপস্থিতির কারণে আওয়ামী লীগ এমপিদের আসন শূন্য ঘোষণা করা হয়েছিল। তাদের দলীয় সাংসদরা ১৯৯৪ সালের ২ মার্চ পঞ্চম সংসদের ত্রয়োদশ অধিবেশনের ১৬তম দিনে সংসদ বর্জন শুরু করেন। সংসদে আর ফিরে না আসায় ২০ তম অধিবেশনের দ্বিতীয় বৈঠকে ১৯৯৫ সালের ১৯ জুন টানা অনুপস্থিতি ৯০ টি কার্যদিবস অতিক্রম করায় তাদের সবাই সদস্যপদ হারান।
২০০১ সালের ১ অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম অধিবেশন বসে ওই বছরের ২৮ অক্টোবর। সেদিন থেকে এ পর্যন্ত ১৮ টি অধিবেশনের মোট ২৯৭ টি কার্য দিবসে আওয়ামী লীগ সাংসদরা মাত্র ৮৭টি কার্যদিবস সংসদে উপস্থিত ছিলেন। অর্থাৎ অনুপস্থিত রয়েছেন ২১০ টি কার্যদিবস।
সর্বশেষ চলতি বছরের ২৭ জানুয়ারি সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাংসদ শাহ্ এএমএস কিবরিয়া সন্ত্রাসীদের হাতে নিহত হওয়ার পর ৩১ জানুয়ারি সংসদে একদিনের জন্য যোগ দেন আওয়ামী লীগ সাংসদরা। পঞ্চদশ অধিবেশনের প্রথম দিনই বের হয়ে আসার পর থেকে তারা সংসদ বর্জন অব্যাহত রেখেছেন।
দলীয়ভাবে সংসদ বর্জন করলেও সদস্যপদ হারানোর ঝুঁকি এড়াতে অবশ্য আওয়ামী লীগের দু’জন সাংসদ মাঝে অল্পক্ষণের জন্য অধিবেশন কক্ষে গিয়ে উপস্থিতি খাতায় স্বাক্ষর করে আসেন। এরা হলেন নজমুল হাসান জাহেদ এবং আলতাফ হোসেন গোলন্দাজ।
সংসদ সচিবালয় সূত্র জানায়, অন্যদিকে সপ্তম সংসদে তৎকালিন বিরোধী দল বিএনপির সাংসদরা ২৩ টি অধিবেশনের মোট ৩৮২টি কার্য দিবসের মধ্যে সংসদে অনুপস্থিত ছিলেন ১৪৯টি কার্যদিবস। তারা দুদফায় সংসদে অনুপস্থিত ছিলেন যথাক্রমে ৭২টি ও ৭৭টি কার্যদিবস। অবশ্য তারা সদস্যপদ রক্ষার জন্য মাঝে একদিনের জন্য অধিবেশনে যোগ দেন।
অষ্টম সংসদের প্রথম অধিবেশন শুরু হয় আওয়ামী লীগের বর্জনের মধ্যদিয়ে। নির্বাচনে ব্যাপক কারচুপি ও সংসদ বিলুপ্তির দাবি জানিয়ে প্রধান বিরোধী দল শুরু থেকে সংসদে যোগ না দিলেও কৌশল পরিবর্তন করে তৃতীয় অধিবেশনে এসে তারা যোগদান করেন।
অন্যদিকে সপ্তম সংসদে বিএনপির সাংসদরা সংসদে যোগদান করেন প্রথম অধিবেশন থেকেই। ত্রয়োদশ অধিবেশনের মাঝামাঝিতে এসে তারা সংসদ বর্জন শুরু করেন।
