২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চন্দ্রিমা উদ্যানের সংঘর্ষের মামলায় দুই ছাত্রদল নেতা রিমান্ডে

ঢাকার চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ এবং গাড়ি ভাঙচুরের মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতা মোস্তাফিজুর রহমান রুমীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2021, 07:58 PM

Updated : 02 Aug 2022, 06:15 PM

সংঘর্ষের চার দিন পর সোমবার রাতে জুয়েল ও রুমীকে যাত্রাবাড়ীর কাজলা থেকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার তাদের ঢাকার আদালতে নিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক মো. সুজানুর রহমান।

আসামিদের পক্ষে নিহার হোসেন ফারুকসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের জন্য আবেদন করেন।

মহানগর হাকিম নিভানা খায়ের জেসী শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে দুই ছাত্রদল নেতাকে দুই দিনের রিমান্ডে পাঠান।

গত ১৭ অগাস্ট জিয়াউর রহমানের কবরে যাওয়ার সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। তখন মেট্রোরেল প্রকল্পের গাড়িসহ যন্ত্রপাতি ভাংচুর হয়।

ওই ঘটনায় মেট্রোরেল প্রকল্পের নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালাম বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। পুলিশও এ ঘটনায় মামলা দায়ের করে।

পুলিশ জানায়, গাড়ি ভাঙচুরের সময়ের একটি ছবি সোশাল মিডিয়ায় এসেছিল, তার সূত্র ধরে জুয়েল ও রুমীকে গ্রেপ্তার করা হয়।