২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণ নিয়ে ব্যস্ততা আওয়ামী লীগ কার্যালয়ে

করোনাভাইরাস সঙ্কট মোকাবেলায় আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে থেকে সারাদেশে দলীয় ত্রাণ বিতরণ ও তদারকির কাজ চালাচ্ছেন দলটির নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2020, 10:28 PM

Updated : 18 Aug 2022, 02:58 PM

এই কাজ সুচারুভাবে করতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঝেমধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলীয় নেতাদের নির্দেশনা দিচ্ছেন।

মঙ্গলবার বিকালে ধানমণ্ডির ওই কার্যালয়ে গিয়ে দেখা যায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গির কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, এস এম কামাল হোসেন, স্বাস্থ্য সম্পাদক রোকেয়া সুলতানা, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য শাহাবউদ্দিন ফরাজীকে।

এ সময় নানক বলেন, “আওয়ামী লীগ সব সময় শেখ হাসিনার নির্দেশে দেশের ক্রান্তিলগ্নে মানুষের পাশে থেকেছে। দলের নেতাকর্মীরা দেশের প্রতিটি জেলায় ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে। আমরা এখানে প্রতিদিনের মতো আজকেও মনিটরিং করছি।”

আব্দুর রহমান বলেন, “সরকারের সাথে সাথে আওয়ামী লীগও সারা দেশে ত্রাণ বিতরণের কাজ করছে। দলের নেতাকর্মীরা মানুষের পাশে ত্রাণ নিয়ে দাড়িয়েছে।”

যু বাহাউদ্দিন নাছিম বলেন, “দল দেখে নয়, প্রকৃতপক্ষে যাদের প্রয়োজন, তারা যেন সাহায্য পায়, সেটা নিশ্চিত করার চেষ্টা করছে আওয়ামী লীগ।”

ত্রাণে অনিয়মে ‘জিরো টলারেন্স’: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, “ত্রাণ বিতরণ অনিয়মের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সে।”

আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, “এখন বিএনপি ত্রাণে অনিয়ম-দুর্নীতির কথা বলে। যারা ক্ষমতায় থাকতে পরপর পাঁচবার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, যাদের চেয়ারপার্সন কালো টাকা সাদা করেছেন, যাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুর্নীতির দায়ে ১০ বছর সাজাপ্রাপ্ত হয়েছেন এবং তার ভাইয়ের পাচার করা টাকা বিদেশ থেকে ফেরত আনা হয়েছে, সেই দুর্নীতিবাজরা যখন দুর্নীতি নিয়ে কথা বলে, তখন মানুষ হাসে।”

অনিয়মের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, “ইতোমধ্যেই কয়েকজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারকে সাসপেন্ড করা হয়েছে।”

বিএনপির সমালোচনার জবাবে হাছান মাহমুদ বলেন, “মানুষের জীবন ও জীবিকারক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী যেসমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন, সেগুলো ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমনকি বিশ্ববিখ্যাত ম্যাগাজিন ফোর্বস ও দি ইকনোমিস্ট কর্তৃক প্রশংসিত হয়েছে। কিন্তু বিএনপি প্রশংসা করতে পারছে না, কারণ বিএনপি প্রশংসার সংস্কৃতি লালন করে না।”

তিনি বলেন, “সরকারের পাশাপাশি আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি শেখ হাসিনার নির্দেশে সারাদশে করোনা দুর্যোগ মোকাবেলায় ব্যাপক ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে। ইতোমধ্যে গ্রামপর্যায় পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের কাছে আমাদের ত্রাণ পৌঁছেছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রায়শই ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আমাদের নির্দেশনা দিচ্ছেন।

“আর বিএনপি নেতারা কিছু মানুষকে ত্রাণ দিতে গিয়ে ফটোসেশন করেন আর সেখানে আওয়ামী লীগ সরকারের প্রতি বিষোদগার করেন, এই কাজেই তারা ব্যস্ত।”