২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিইউ থেকে কেবিনে কাদের

হঠাৎ শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থার উন্নতি হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2020, 04:00 PM

Updated : 18 Aug 2022, 02:26 PM

চিকিৎসকরা তাকে দুই দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শনিবার সাংবাদিকদের জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সুস্থ আছেন। দুপুরে তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার সকালে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

গত বছর ২ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়েই বঙ্গবন্ধু মেডিকেলে গিয়েছিলেন ওবায়দুল কাদের। সেখানে এনজিওগ্রামে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক অপসারণ করেন চিকিৎসকরা।

অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়, ভর্তি করা হয় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।

কয়েক দিন চিকিৎসার পর ২০ মার্চ কার্ডিও থোরাসিক সার্জন ডা. শিভাথাসান কুমারস্বামীর নেতৃত্বে কাদেরের বাইপাস সার্জারি হয়। চিকিৎসার জন্য তখন আড়াই মাস তাকে সিঙ্গাপুরে থাকতে হয়।

পুরনো খবর:

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ওবায়দুল কাদের
ওবায়দুল কাদেরের অবস্থা ‘স্থিতিশীল’