চেয়ারম্যানের অনুপস্থিতিতেই যুবলীগের সভাপতিমণ্ডলীর সভা
যুবলীগ নেতাদের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগের মধ্যে সংগঠনের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর সদস্যদের সভায় উপস্থিত হননি সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
শুক্রবার বঙ্গবন্ধু এভিনিয়ে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠকে সভাপতিত্ব করেন যুবলীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
সভায় সভাপতিমণ্ডলীরর সদস্যদের মধ্যে শহিদ সেরনিয়াবাত, শেখ শামসুল আবেদীন, আলতাব হোসেন বাচ্চু, মো. সিরাজুল ইসলাম মোল্লা, মজিবুর রহমান চৌধুরী, মো. ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরন, আবদুস সাত্তার মাসুদ, মো. আতাউর রহমান, অ্যাডভোকেট বেলাল হোসাইন, আবুল বাশার, মোহাম্মদ আলী খোকন, অধ্যাপক এবি এম আমজাদ হোসেন, আনোয়ারুল ইসলাম, ইঞ্জিনিয়ার নিখিল গুহ, শাহজাহান ভুইয়া মাখন, ডা. মোখলেছুজ্জামান হিরু, শেখ আতিয়ার রহমান দীপু উপস্থিত ছিলেন ।
চলমান শুদ্ধি অভিযানের মধ্যে যুবলীগের চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব এবং অনুমতি ছাড়া বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে প্রকাশ্যে আসছেন না তিনি। যোগ দিচ্ছেন না সাংগঠনিক কর্মকাণ্ডে। এরমধ্যে গত ৩ অক্টোবর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে তাকে গণভবনে দেখা যায়। এরপর থেকে আর বাইরে তাকে দেখা যায়নি।
প্রেসিডিয়াম বৈঠকে চেয়ারম্যানের অনুপস্থিত থাকার বিষয়ে জানতে চাইলে শেখ আতিয়ার রহমান দিপু সাংবাদিকদের বলেন, “চেয়ারম্যানের অনুমতি এবং নির্দেশই এই সভা হয়েছে। তবে তিনি কেন আসেননি সে বিষয়টি জানা নেই। হয়ত অসুস্থতার কারণেও না আসতে পারেন। উনি কোথায় আছেন আমরা কেউই জানি না।”
সর্বেশেষ ২০১৬ সালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আগে সভাপতিমণ্ডলীর সদস্যদের সভায় চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর একক সিদ্ধান্তই সবাইকে মেনে নিতে হয়েছিল বলে জানান এই ফোরামের একজন সদস্য।
নাম প্রকাশ না করার শর্তে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমান কমিটি হওয়ার পর থেকে বিশেষ করে ২০১২ সালের পর দুইবার প্রেসিডিয়ামের সভা হয়। সভায় চেয়ারম্যানের একক সিদ্ধান্তই বাস্তবায়ন হত।”
সেদিক থেকে এবারের বৈঠক আলাদা ছিল জানিয়ে তিনি বলেন, “আজকের বৈঠক ছিল সুশৃঙ্খল, এখানে সবার মতামত সবাই দিয়েছে, যদিও কেউ কেউ চেয়ারম্যানের পক্ষপাত করে বক্তব্য রেখেছে। তবে কারও একক সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। সব সভাগুলোতেই চেয়ারম্যান ছিল, আজকে যুবলীগের সার্বিক অবস্থা ও নিজের অবস্থার কথা বিবেচনা করে হয়তবা তিনি আসেননি।”
এই বৈঠকে দুর্নীতির অভিযোগে যুবলীগের দপ্তর সম্পাদকের পদ থেকে কাজী আনিসুর রহমানকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
শেখ আতিয়ার রহমান দীপু সাংবাদিকদের বলেন, “প্রেসিডিয়ামের সবাই একমত পোষণ করেছে কাজী আনিসকে বহিষ্কার করার বিষয়ে। সেই আলোকে কাজী আনিসকে আমরা বহিষ্কার করেছি।”
কী কারণে তাকে বহিষ্কার করা হয়েছে জানতে চাইলে যুবলীগের আরেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এ বি এম আমজাদ হোসেন বলেন, “কাজী আনিস বাংলাদেশ আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক। তার দুর্নীতির কথা আমরা পত্র পত্রিকায় দেখেছি এবং সে কারণে তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।”
ঢাকায় ক্যাসিনো-জুয়াবিরোধী অভিযান শুরুর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজী আনিসের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এরপর আত্মগোপনে যাওয়া কাজী আনিসকে এখন পর্যন্ত কোথাও দেখা যায়নি।
