ব্যাংক লুটে নেওয়া হাঙরদের ধরুন: জয়নুল
ক্যাসিনো পরিচালনাকারীদের মতো ঋণ খেলাপিদেরও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জয়নুল আবদিন ফারুক।
রোববার সকালে এক মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এই দাবি জানান।
তিনি বলেন, “যেই দেশে অর্থমন্ত্রী স্বীকার করেছেন, ঋণ খেলাপিরা ১১ হাজার ১২০ কোটি টাকা ঋণ নিয়ে ব্যাংক বৈধভাবে খালি করে দিয়েছেন। বিভিন্ন পত্রিকায় রিপোর্ট বেরিয়েছে যে, ১১শ ৪০ হাজার ১৫৬ কোটি টাকা ঋণখেলাপিরা বৈধভাবে ব্যাংক থেকে নিয়ে গেছে।
“আমি সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, যারা আমাদের ব্যাংকে বৈধভাবে হাঙরের মতো লুট করে খেয়েছে তাদেরকে কেন গ্রেপ্তারের আওতায় আনছেন না। আমি আহ্বান জানাব, মাননীয় প্রধানমন্ত্রী দেশে এসেই, ওই হাঙরদের (ঋণ খেলাপিদের) ধরুন।”
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিও জানান ফারুক।
জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই মানববন্ধন হয়।
সংগঠনের উপদেষ্টা নাসিরউদ্দিন হাজারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদি আহমেদ রুমি, কেন্দ্রীয় নেতা কাদের গনি চৌধুরী, শাহ নেছারুল হক, ফরিদ উদ্দিন, কাজী মুনিরুজ্জামান, মাইনুল ইসলাম, মোজাম্মেল হক মিন্টু সওদাগর, ইসমাইল তালুকদার খোকন ও রফিকুল ইসলাম বক্তব্য দেন।
