২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ৭ জুলাই বাম জোটের আধাবেলা হরতাল

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ৭ জুলাই দেশজুড়ে আধাবেলা হরতাল ডেকেছে বাম দলগুলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2019, 05:18 PM

Updated : 18 Aug 2022, 05:27 PM

সোমবার বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের জরুরি সভায় হরতালের এই সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

‘জনস্বার্থ উপেক্ষা করে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে, সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে এবং গণদুর্ভোগের বাজেটের প্রতিবাদে’ ৭ জুলাই সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে বাম জোট।

বাম জোটের শরিক দল সিপিবির নেতা রুহিন হোসেন প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৬ তারিখের মধ্যে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করা না হয়, তাহলে ৭ তারিখে সারা দেশে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সর্বাত্মক হরতাল পালন করা হবে। এরপরে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

হরতাল ডাকার পাশাপাশি গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সোমবার ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশও বাম দলগুলো।

বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, সমাজতান্ত্রিক দলসহ (মার্কসবাদী) আরও কয়েকটি দল আলাদাভাবে কর্মসূচি পালন করে।

সিপিবির ঢাকা কমিটির উদ্যোগে প্রতিবাদ সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতা প্রিন্স বলেন, “২০১২ সালে সমুদ্র বিজয়ের পর এখনও পর্যন্ত কেন সমুদ্রের বক্ষ থেকে গ্যাস ক্ষেত্র অনুসন্ধান করা হয়নি? কেন গ্যাস উত্তোলন করা হয় না? কেন স্থলভাগের গ্যাস তোলা হয় না?

“কারণ একটাই গ্যাস সংকটকে জিম্মি করে এলএনজি আমদানির নামে দেশ-বিদেশের লুটেরা সুবিধা ভোগ করবে।”

শ্রমিক নেতা আবদুল কাদেরের সভাপতিত্বে এই সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলমসহ ঢাকা কমিটির নেতারা বক্তব্য রাখেন।

গণসংহতি আন্দোলনের সমাবেশে দলটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, “কীভাবে জনগণের ঘাড়ে একের পর এক দাম বৃদ্ধির দায় চাপিয়ে দেওয়া যায়, এই সরকার বেপরোয়াভাবে সেই উদ্যোগ চালিয়ে যাচ্ছে।

“আমরা বার বার বলেছি- গ্যাসের দাম বাড়ানো হলে জনজীবন নাভিশ্বাস হয়ে উঠবে। দাম বৃদ্ধির ফলে দেশের শিল্প-কারখানা, কৃষি, সামগ্রীকভাবে আমাদের উৎপাদন ব্যবস্থা দারুণভাবে হুমকির মধ্যে পড়বে।”

সাকি বলেন, “তারা (সরকার) বলছে- গ্যাস নেই, কাজেই দ্বিগুণ দামে এলএমজি আমদানি করতে হচ্ছে, সেই দ্বিগুণ দামের ভর্তুকির হিসেব মেলানোর জন্য গ্যাসের দাম দিনে দিনে বৃদ্ধি করতে হবে।

“আমাদের স্থলে এবং সমুদ্রে গ্যাস উত্তোলন না করে, গ্যাসের সংকটের ধোঁয়া তারা তুলছেন। এই সংকটকে পূঁজি করে সরকারের সাথে সংশ্লিষ্ট কতিপয় কোম্পানি, যারা এলএনজি আমদানি করছে, তারা এলপিজি ব্যবসায় একচেটিয়া কায়েম করেছে।”

জনগণ নিরাপত্তা জ্বালানি তহবিলে নিয়মিতভাবে পয়সা দিয়ে এলেও সরকার এই তহবিলকে ব্যবহার করে বাপেক্স শক্তিশালী করছে না বলেও অভিযোগ করেন তিনি।

সমাজের বিভিন্ন অংশের আপত্তির মধ্যেই সব পর্যায়ে গ্যাসের দাম গড়ে ৩২.৮ শতাংশ বাড়িয়েছে সরকার, যা কার্যকর হবে জুলাইয়ের প্রথম দিন থেকেই।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

আবাসিক গ্রাহকদের এক চুলার জন্য মাসে ৯২৫ টাকা এবং দুই চুলার জন্য ৯৭৫ টাকা দিতে হবে, যা এতোদিন ছিল যথাক্রমে ৭৫০ টাকা ও ৮০০ টাকা।

গৃহস্থালিতে মিটারে যারা গ্যাসের বিল দেন, তাদের প্রতি ঘনমিটার গ্যাসের ব্যবহারের জন্য ১২ টাকা ৬০ পয়সা করে দিতে হবে। এতোদিন প্রতি ঘনমিটারে তাদের বিল হত ৯ টাকা ১০ পয়সা।

অর্থাৎ, রান্নার গ্যাসের জন্য চুলাভিত্তিক গ্রাহকদের প্রতি মাসে ২৩ শতাংশ এবং মিটারভিত্তিক গ্রাহকদের ৩৮ শতাংশ বেশি অর্থ খরচ হবে।

যানবাহনে জ্বালানি হিসেবে ব্যবহৃত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম সোমবার থেকে প্রতি ঘনমিটারে ৩৮ টাকা থেকে বেড়ে ৪৩ টাকা হবে।

এই হিসাবে গাড়ির গ্যাসের জন্য মালিকদের খরচ বাড়বে সাড়ে ৭ শতাংশ। স্বাভাবিকভাবেই গণপরিবহনে এর প্রভাব পড়বে; এর মাসুল দিতে হবে যাত্রীদের।

পুরনো খবর:

গ্যাসের দাম: চুলায় বাড়লো ১৭৫ টাকা
গ্যাসের দাম বাড়ায় ‘ক্ষতিই হবে বেশি’