শপথ তারেক রহমানের সিদ্ধান্তেই: ফখরুল
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই বিএনপির সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বিকালে বিএনপি থেকে নির্বাচিত চারজনের শপথ নেওয়ার পর নানামুখী আলোচনার মধ্যে রাতে এক সংবাদ সম্মেলনে এসে একথা জানান তিনি।
ফখরুল বলেছেন, পুনর্নির্বাচনের দাবি আদায় এবং খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের পাশাপাশি সংসদে কথা বলার সুযোগ কাজে লাগাতেই তারা সিদ্ধান্ত বদল করেছেন।
তারেক রহমানের নির্দেশে শপথ নেওয়ার কথা জানিয়ে সংসদে যোগ দিয়ে হারুনুর রশীদ পুনর্নির্বাচনের দাবি তোলেন এবং দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।
একাদশ সংসদ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ তোলার পর বিএনপি এতদিন বলে আসছিল, তাদের দল থেকে নির্বাচিত ছয়জনের কেউ শপথ নেবেন না।
সোমবার বিকালে চারজন শপথ নেওয়ার ঘণ্টাখানেক আগেও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ওই সিদ্ধান্তের কথাই বলেছিলেন।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেছিলেন, শপথ নিতে বিএনপির সংসদ সদস্যদের চাপ দিচ্ছে সরকার।
কিন্তু শপথ নেওয়ার হারুন যখন বলেন যে তারেক রহমানের নির্দেশেই তারা শপথ নিয়েছেন, তখন নতুন করে আলোচনা শুরু হয়।
তার ঘণ্টাখানেক পর রাতে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসেন ফখরুল। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানোর এই সংবাদ সম্মেলনে একাই আসেন বিএনপি মহাসচিব।
সংবাদ সম্মেলনে প্রথমে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ফখরুল; পরে কয়েকটি প্রশ্নের উত্তর দেন।
সংসদে যাওয়ার সিদ্ধান্তটি তারেকের জানিয়ে ফখরুল বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় গতকাল (রোববার) স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করেন। ইতোমধ্যে তিনি দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং দেশে যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি আছে, তাদের সাথে কথা বলেন।
“কথা বলার পরে জাতীয় স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণের জন্য তাকে এই বিষয়ে (সংসদে যাওয়ার বিষয়) সর্বময় ক্ষমতা অর্পণ করা হয়। আমাদের দলের গঠনতন্ত্রের ধারা অনুযায়ী তিনি তার সিদ্ধান্ত জানিয়েছেন এবং তারই প্রেক্ষাপটে আমাদের চারজন নেতা, যারা নির্বাচিত হয়েছেন, তারা শপথ গ্রহণ করেছেন।”
এই সিদ্ধান্তের পর সোমবার সংসদ সদস্য হিসেবে শপথ নেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আব্দুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন।
কেন এই সিদ্ধান্ত?
ফখরুল বলেন, “ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সংসদে কথা বলার সীমিত সুযোগকে কাজে লাগিয়ে সংসদ ও রাজপথের সংগ্রামকে যুগপৎভাবে চালিয়ে যাওয়াকে আমরা যুক্তিযুক্ত মনে করছি।
“জাতীয় রাজনীতির এই সংকটময় জটিল প্রেক্ষিতে দেশনেত্রীর সুচিকিৎসা, মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের অংশ হিসেবে আমাদের দল সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”
নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ তোলার পর বিএনপি শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এমনকি জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত গণফোরামের দুজন শপথ নেওয়ার পর তাদের বিশ্বাসঘাতকও বলেছিলেন বিএনপি নেতারা।
এখন সেই সিদ্ধান্তে পরিবর্তনের কারণ জানতে চাইলে ফখরুল বলেন, “আমরা পরিষ্কার করে বলেছি, কোন সারকামসটেন্সে আমরা আগের সিদ্ধান্ত পরিবর্তন করেছি।”
ফখরুল বলেন, “আমরা বরাবরই দাবি করছি, দল নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে জনগণের সংসদ নির্বাচন করাই এই সংকট সমাধানের একমাত্র পথ।
“একদিকে নতুন নির্বাচনের দাবি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, মামলা প্রত্যাহারের দাবি; অন্যদিকে দেশের চলমান অর্থনৈতিক, আইনশৃঙ্খলা, সামাজিক চরম সঙ্কট যথাক্রমে রাষ্ট্রীয় দুর্নীতি, শেয়ার বাজার কেলেঙ্কারি, ব্যাংক লুট, নারী নির্যাতন, গুম-খুন, গণমাধ্যম নিয়ন্ত্রণের বিরুদ্ধে একটি কার্যকরি ও জোরালো গণআন্দোলন গড়ে তোলার জন্য আমাদেরকে নতুনভাবে উদ্দীপ্ত হতে হবে।”
সমঝোতা কিংবা চাপ নয়?
কোনো চাপে কি সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে- প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, “না, কোনো চাপে নয়।”
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুপুরে সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে যে চাপের অভিযোগ তুলেছেন, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “সেটা শপথ গ্রহণের আগের বক্তব্য ছিল।”
তাহলে কি আপনাদের উপর কোনো চাপ নেই- প্রশ্ন করা হলে ফখরুল বলেন, “আমরা মহাচাপে আছি। গণতন্ত্রের লেশমাত্র নেই, আমাদের কথা বলতে দেওয়া হয় না। এই চাপ তো আছেই। আমাদের নেত্রী জেলে। এসব সরকারের চাপ নয় কি?”
খালেদা জিয়ার প্যারোলে মুক্তি পাওয়ার বিনিময়ে বিএনপি সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে।
সংসদে যোগ দেওয়ার পর অধিবেশনে বক্তৃতায় হারুনুর রশীদও দলীয় নেত্রীর মুক্তি দাবি করে প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, “তাহলে অন্ততপক্ষে আমরা মানুষের কাছে, দেশের কাছে বলতে পারব, আমরা সংসদে ঢোকার পর উনাকে প্রধানমন্ত্রী মুক্ত করেছেন।”
সরকারের সঙ্গে কোনো সমঝোতা হয়েছে কি না- এপ্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, “সমঝোতার প্রশ্ন কোথায় দেখলেন আপনারা?
“আমরা বলছি, সংসদের ভেতরে ও বাইরে দুইখানে আমরা এই দাবিটা করে যেতে চাই। সংসদ একটা জায়গা, যেখানে একটা স্পেস আছে, টিল টুডে। যেখানে কিছু কথা বলা যায়। সেই কথা বলার জন্য আমাদের যারা নির্বাচিত তারা শপথ নিয়েছেন।”
নির্বাচনকে বৈধতা দেওয়া নয়?
৩০ ডিসেম্বরের নির্বাচন কিংবা এর মধ্য দিয়ে গঠিত সংসদ বৈধ নয় বলে বিএনপি নেতারা দাবি করে আসছেন। ফখরুল সংবাদ সম্মেলনে আসার আগে সোমবার দুপুরেও এক সভায় বলেন, দেশ এখন জনগণের প্রতিনিধিত্বমূলক সংসদ নেই, সরকার নেই।
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বৃহত্তর ময়মনসিংহ ফোরামের আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সেক্ষেত্রে সংসদে যোগ দেওয়ার মধ্য দিয়ে ওই নির্বাচনকে বৈধতা দেওয়া হয় কি না, সেই প্রশ্ন ফখরুলকে করেন সাংবাদিকরা।
উত্তরে তিনি বলেন, “নির্বাচনকে বৈধতা দেওয়ার প্রশ্নই উঠে না। আমরা স্পষ্ট করে বলেছি যে, আমাদের কথা বলার সীমিত যে সুযোগ আছে, তার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে সংসদে যাচ্ছি। আমরা এই সংসদকে বৈধতা দিচ্ছি না। আমরা শুধু ব্যবহার করছি গণতান্ত্রিক স্পেসটুকু।
“এর কারণ হচ্ছে, এক, গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে এবং দ্বিতীয়টা কৌশলগত কারণে। আমরা দলের সর্বস্তরে নেতা-কর্মী ও বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছি।”
“পলিটিকসে আজ যেটা হবে, কালকে সেটা হবে, এমন তো মানে নেই। আমি বলেছি, অবস্থার প্রেক্ষিতে পরিবর্তন তো করতে হতে পারে, সেটাই পলিটিকস। আমাদের যেটার প্রয়োজন দলের জন্য, রাজনীতির জন্য, দেশের জন্য, সেটাই আমরা করছি।”
ফখরুলের শপথ কবে?
দলের অন্য সবাই শপথ নিলেও নিজে এখনও শপথ নেননি ফখরুল।
সেই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “অপেক্ষা করুন, জানতে পারবেন।”
একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল গত ২৯ জানুয়ারি; সেই হিসেবে তার ৯০ দিন পেরিয়েছে সোমবার। ৯০ দিনের মধ্যে কেউ শপথ না নিলে তার সংসদ সদস্যপদ হারানোর ঝুঁকি রয়েছে।
ইসি ইতোমধ্যে বলেছেন, কোনো আসনের কেউ ৯০ দিনের মধ্যে শপথ না নিলে ওই আসন শূন্য ঘোষণার পর নতুন নির্বাচনের উদ্যোগ নেবে তারা।
শেষ দিন অতিক্রম করায় শপথের সময় চেয়ে স্পিকারের কাছে আবেদন করেছেন কি না- প্রশ্ন করা হলে ফখরুল বলেন, “আমি তো বললাম, সময় আসুক জানতে পারবেন। আমি কী করেছি না করেছি, আপনারা সময় হলেই জানতে পারবেন।”
এই নির্বাচনে নিজের জেলা ঠাকুরগাঁওয়ের আসনে হারলেও বগুড়া-৬ আসনে বিজয়ী হন ফখরুল। ওই আসনে খালেদা জিয়া বরাবর এই আসনে ভোট করতেন।
জাহিদের কী হবে?
ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ গত বৃহস্পতিবার শপথ নেওয়ার পর দলীয় সিদ্ধান্ত অমান্যের কারণ দেখিয়ে তাকে বহিষ্কার করা হয়।
শপথ নেওয়ায় বহিস্কৃত হয়েছেন জাহিদুর রহমান জাহিদ
কিন্তু সোমবার চারজন শপথ নেওয়ার পর বলা হয়েছে, তারা দলের সিদ্ধান্ত অনুযায়ী শপথ নিয়েছেন।
সিদ্ধান্ত পরিবর্তন হওয়ায় জাহিদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে কি না- প্রশ্ন করা হলে ফখরুল বলেন, “সেটা সময়মতো সিদ্ধান্ত নেওয়া হবে।”
জাহিদের বিষয়ে হারুন বলেছিলেন, “জাহিদ সাহের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আজ ক্ষমা চেয়েছেন। বলেছেন, তিনি ভুল করে ফেলেছেন এবং অপেক্ষা করা দরকার ছিল। উনি ক্ষমা চেয়েছেন, হয়ত দল এখন সিদ্ধান্ত নেবে, বিবেচনা করবেন।”
