২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে আসার বিনিময়ে খালেদার মুক্তি চাইলেন হারুন

আগের সিদ্ধান্ত বদলে তারেক রহমানের নির্দেশে শপথ নিয়ে সংসদে যোগ দিয়ে খালেদা জিয়ার মুক্তি চেয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2019, 06:43 PM

Updated : 18 Aug 2022, 05:13 PM

একাদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে বিজয়ী হারুনসহ চারজন সোমবার সংসদ সদস্য হিসেবে শপথ নেন। বিএনপির বিজয়ী ছয়জনের মধ্যে একজন জাহিদুর রহমান জাহিদ তিন দিন আগে শপথ নিয়েছিলেন।

শপথ নেওয়ার পর জাহিদকে সঙ্গে নিয়ে সংসদ অধিবেশনে যোগ দেন হারুনুর রশীদ, উকিল আবদুস সাত্তার, আমিনুল ইসলাম ও মোশারফ হোসেন।

সাবেক প্রতিমন্ত্রী সাত্তার ও এর আগেও সংসদে প্রতিনিধিত্বকারী হারুন অধিবেশন কক্ষে বিরোধী দলের আসনের তিন নম্বর সারিতে বসেন। জাহিদ, আমিনুল ও মোশাররফ বসেন শেষ সারিতে।

দশম সংসদ নির্বাচন বর্জনের কারণে পাঁচ বছর সংসদের বাইরে থাকা বিএনপির সংসদ সদস্যদের ফেরার সময়টিতে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের একটি প্রস্তাবের উপর  সাধারণ আলোচনা চলছিল।

ওই আলোচনায় অংশ নিতে দাঁড়িয়ে হারুন সরকার প্রধান ও সংসদ নেতা শেখ হাসিনার উদ্দেশে বলেন, “মাননীয় নেত্রীকে (খালেদা জিয়া) মুক্তি দেবেন।

“তাহলে অন্ততপক্ষে আমরা মানুষের কাছে দেশের কাছে বলতে পারব, আমরা সংসদে ঢোকার পর উনাকে প্রধানমন্ত্রী মুক্ত করেছেন।”

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে গত বছর কারাগারে যাওয়ার পর আর ছাড়া পাননি বিএনপি চেয়ারপারসন। এর মধ্যে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতির মামলায়ও তার সাজার রায় হয়েছে।

সরকার চাইলেই খালেদা জিয়া মুক্তি পেতে পারেন বলে বিএনপি নেতাদের দাবি; যদিও ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা বিষয়টি ‘আদালতের বিষয়’ বলে এড়িয়ে যাচ্ছেন।

তবে প্যারোলে খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সরকারের উপর নির্ভর করছে। হঠাৎ সিদ্ধান্ত বদলে বিএনপির সংসদ সদস্যদের শপথ নেওয়ার ক্ষেত্রে প্যারোলে খালেদাকে মুক্ত করার বিষয়টি রয়েছে বলে গুঞ্জন রয়েছে।

হারুন দলীয় নেত্রীর মুক্তি চেয়ে বলেন, “উনার (খালেদা) নিম্ন আদালতে বিচার করেন। এরপর উচ্চ আদালত আছে। জজ কোর্ট আছে, হাই কোর্ট আছে। বিচার করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অনন্তপক্ষে জামিনের অধিকার থেকে বঞ্চিত করবেন না।

“আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিম্ন আদালতের ফরমায়েশি রায়ে সাজাপ্রাপ্ত। সংসদ নেতার প্রতি বিশেষভাবে অনুরোধ করব, ৭৩-৭৪ বছর বয়ষ্ক বৃদ্ধা। উনি হুইল চেয়ারে চলাফেরা করছেন। এই অবস্থায় তার সত্যিকার অর্থে জেলখানায় থাকার কথা নয়। অন্ততপক্ষে উনার জামিন পাওয়া উচিৎ।”

উচ্চ আদালত ‘স্বাধীনভাবে’ কাজ করতে পারলেই খালেদা জিয়া জামিন পাবেন বলে দাবি করেন বিএনপির এই সংসদ সদস্য।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ‘আমার নেত্রী’ সম্বোধন করে হারুন বলেন, “অহঙ্কার আর দাম্ভিকতা না দেখিয়ে প্রকৃতপক্ষে দেশে যে সঙ্কট চলছে, তা সমাধানের জন্য আমার নেত্রীকে অনুরোধ করব দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন।

“যাই বলেন না কেন, বাস্তবতা হচ্ছে দেশের ১৭ কোটি মানুষ আজকে জিম্মি। মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। সাম্প্রতিক সময় যে উপজেলা নির্বাচন হয়েছে, সমস্ত রাজনৈতিক দল তা বর্জন করেছে। আপনারা একাধিক প্রার্থী দিয়েছেন। তারপরও সেখানে ৫ শতাংশ মানুষও ভোট দেয়নি।

“মানুষ কী অবস্থায় আছে, এটা নিশ্চয় আপনাদের উপলব্ধিতে আসা উচিত। এই সঙ্কট থেকে যত দ্রুত আমরা বেরিয়ে আসতে পারব, ততই আমাদের জন্য মঙ্গলজনক হবে, কল্যাণকর হবে।”

একাদশ সংসদ নির্বাচনের প্রসঙ্গ তুলে হারুন বলেন, “গত ৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে নিঃসন্দেহে বিতর্ক রয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে মানুষের ভোটের অধিকারকে হরণ করা হয়েছে। যেভাবেই বলি না কেন ৩০ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।”

একাদশ সংসদ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ তোলার পর সংসদ সদস্য হিসেবে দলের কারও শপথ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল বিএনপি। একই সিদ্ধান্ত নিয়েছিল তাদের জোট জাতীয় ঐক্যফ্রন্টও।

কিন্তু ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত আটজনের মধ্যে গণফোরামের দুজন সুলতান মো. মনসুর আহমেদ ও মোকাব্বির খান জোটের সিদ্ধান্ত উপেক্ষা করে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে ফেলেন।

গত বৃহস্পতিবার ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি থেকে নির্বাচিত জাহিদও শপথ নেন। তখন দলীয় সিদ্ধান্ত অমান্যের কারণে বিএনপি তাকে বহিষ্কার করে।

তার তিন দিনের মধ্যে সোমবার ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আব্দুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন শপথ নেন।

শপথ নেওয়ার পর হারুন সাংবাদিকদের বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শপথ নিয়েছেন তারা এবং সংসদে গিয়ে পুনর্নির্বাচনের দাবি তুলবেন।

পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে নিশ্চিত করেন যে দলীয় সিদ্ধান্তেই তাদের এই সংসদ সদস্যদের শপথ হয়েছে; যদিও সংসদ সদস্য হিসেবে তিনি নিজে শপথ নেননি।

সংসদে বক্তৃতায় হারুন বলেন, “অনেক চড়াই-উৎরাই পার হয়ে সংসদে আসতে পেরেছি। আমরা মাত্র ৫ জন সংসদ সদস্য বিএনপি থেকে এখানে এসেছি। এর আগে ঐক্যফ্রন্ট থেকে দুজন এসেছেন। নব্বই দিনের মেয়াদ শেষ হওয়ার শেষ দিনে আমরা সংসদে প্রবেশ করার জন্য আমাকে ব্যক্তিগতভাবে এবং আমার সহকর্মীদের দলকে সম্মত করাতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। অনেক কষ্ট করতে হয়েছে।

“আমরা সংসদে প্রবেশ করেছি। এই প্রবেশের মধ্য দিয়ে সংসদকে সত্যিকার অর্থে কার্যকর চাই। সংখ্যালঘু কয়েকজন যদি কথা বলতে পারি, তাহলে একটি পরিবেশ আসবে। তোষামোদী নয়, বাস্তব কথাগুলো বলার জন্য আমরা সংসদে এসেছি।”

একাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে মাত্র আটজন বিজয়ী হন; তাদের ছয়জন বিএনপির এবং দুজন গণফোরামের।

ভোট ডাকাতির অভিযোগ তোলার পর শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি ও ঐক্যফ্রন্ট। এর মধ্যে গণফোরামের দুজন শপথ নিয়ে ফেললে তাদের বিশ্বাসঘাতকও বলেছিলেন বিএনপি নেতারা।

এর মধ্যে গত বৃহস্পতিবার বিএনপির জাহিদ শপথ নিয়ে ফেললে দলটি অভিযোগ তোলে, শপথ নিতে তাদের নেতাদের চাপ দিচ্ছে সরকার।

সোমবার দুপুরেও একই অভিযোগ করেছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী; শপথ না নেওয়ার সিদ্ধান্তের কথাই বলছিলেন তিনি।

দুপুরে হারুন সাংবাদিকদের জিজ্ঞাসায় বলেছিলেন, এলাকার মানুষ তাদের শপথ নিতে চাপ দিচ্ছে, তারা এখন দলের সিদ্ধান্ত জানার অপেক্ষায় আছেন।

এরপর বিকালে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে উপস্থিত হন উকিল আবদুস সাত্তার, হারুন, মোশাররফ ও আমিনুল।

তার আগে বিকাল ৩টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে আসার কিছু সময় পর তার কার্যালয়ে শপথ অনুষ্ঠানের তোড়জোড় দেখা গেলেও সাংবাদিকদের কিছুই জানানো হয়নি।

বিকাল ৫টায় শিরীন শারমিনের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। তার কিছু সময় পর বিএনপির চারজনও ঢোকেন সেখানে। এরপর স্পিকার অধিবেশন থেকে তার কক্ষে ফিরে তাদের শপথ পড়ান।

সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, হুইপ ইকবালুর রহিম এসময় উপস্থিত ছিলেন। তিন দিন আগে শপথ নেওয়া জাহিদ এবং হারুনের স্ত্রী সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াও ছিলেন সেখানে।

শপথ শেষে নিরাপত্তাকর্মীরা বিএনপির চার সংসদ সদস্যকে সংসদ সচিবের কক্ষে নিয়ে যান। সেখানে রীতি অনুযায়ী স্বাক্ষর বইতে সই করেন তারা।

এরপর বেরিয়ে এলে সাংবাদিকরা ছেঁকে ধরেন বিএনপির এই সংসদ সদস্যদের।

তখন উকিল সাত্তার সাংবাদিকদের বলেন, তারা চারজন দলের সিদ্ধান্তেই সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

হারুন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা সংসদে যাচ্ছেন।

হারুন সাংবাদিকদের বলেন, “আমরা দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম। বর্তমান যে জাতীয় সংসদটি গঠিত হয়েছে এটি প্রকৃত জনগণের প্রতিনিধিত্ব করছে না। জনগণের ভোটে এ সরকার নির্বাচিত হয় নাই। যে কারণে এই নির্বাচন নিয়ে বিতর্ক আছে। এই নির্বাচন জাতীয়তাবাদী দল এবং জাতীয় ঐক্যফ্রন্ট প্রত্যাখ্যান করেছে। যে কারণে আমরা দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম।”

খালেদা জিয়া গত বছর কারাগারে যাওয়ার পর তার ছেলে ও দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে আসেন।

দলীয় সিদ্ধান্ত হলে মহাসচিব ফখরুল শপথ নিলেন না কেন- এই প্রশ্নে হারুন বলেন, “মহাসচিব কী জন্য আসেনি, এটা আমার বিষয় নয়। মহাসচিবকে আপনারা (সাংবাদিক) জিজ্ঞেস করতে পারেন। উনি উত্তর দিতে পারবেন।”

এরপর রাতে সংবাদ সম্মেলনে আসা ফখরুলও তার শপথের বিষয় স্পষ্ট করেননি; ‘সময়মতো জানতে পারবেন’ বলে সাংবাদিকদের এড়িয়ে যান তিনি।

দলের সিদ্ধান্ত উপেক্ষা করে শপথ নেওয়ায় জাহিদকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

আপনাদের ক্ষেত্রে তেমন হওয়ার সম্ভাবনা রয়েছে কি না- সাংবাদিকদের এই প্রশ্নে হারুন বলেন, “আমরা দলীয় সিদ্ধান্তে শপথ নিয়েছি, দল কীভাবে বহিষ্কার করবে?”

একই যাত্রায় ‍দুই ফল আসার কথা তুলে ধরা হলে তিনি বলেন, জাহিদ সিদ্ধান্ত হওয়ার আগেই শপথ নিয়ে ফেলেছিলেন।

“জাহিদ সাহের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আজ ক্ষমা চেয়েছেন। বলেছেন, তিনি ভুল করে ফেলেছেন এবং অপেক্ষা করা দরকার ছিলো। উনি ক্ষমা চেয়েছেন, হয়ত দল এখন সিদ্ধান্ত নেবে, বিবেচনা করবেন। উনি লিখিতভাবে ক্ষমা চাইতে পারেন।”

নানা চাপের কথা স্বীকার করেন হারুনও। কেউ কেউ আতঙ্কের মধ্যে ছিল জানিয়েই তিনি বলেন, “চাপ ছিল, তবে আমরা দলীয় সিদ্ধান্তে শপথ নিয়েছি।”

হারুন বলেন, “পার্লামেন্টে সত্য কথা বলার জন্য এসেছি। দেশের যে সঙ্কট তৈরি হয়েছে। ভোট চুরির মাধ্যমে এ সংসদ গঠন করা হয়েছে এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে বিপর্যস্ত করা হয়েছে। চুরি করে ভোটে আসার জন্য সংবিধান সংশোধন করা হয়েছে। এটিকে ঠিক করার দায়িত্ব বর্তমান সরকারেরই।

“কীভাবে সরকার এটিকে ঠিক করবে, কীভাবে জনগণের দ্বারা সরকার গঠন করা যায়, সম্পূর্ণ সরকারের দায়িত্ব। এই বিষয়গুলো সংসদে বলার জন্য সংসদে এসেছি।”

এক প্রশ্নের জবাবে হারুন বলেন, “এই সংসদকে বৈধতা দানের জন্য সংসদে আসি নাই। অনেকেই মনে করতে পারেন বৈধতার দেওয়ার জন্য সংসদে এসেছি। তা নয়। দেশে আইনের শাসন, সুশাসন নেই। দেশে অরাজকতা চলছে-এই কথাগুলো সারা বাংলাদেশের মানুষের। এই অবস্থা জানানোর জন্য সংসদে এসেছি।”

শপথ নিয়ে সংসদ ভবন থেকে বেরিয়ে পাশের চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান বিএনপির সংসদ সদস্যরা। সেখান থেকে ফিরে সংসদ অধিবেশনে যোগ দেন তারা।  

পুরনো খবর:

সিদ্ধান্ত হঠাৎ বদলে সংসদে বিএনপি
চাপ দিয়ে শপথ: বিএনপি
শপথ তারেক রহমানের সিদ্ধান্তেই: ফখরুল