জাহিদের মতো আরও দুই-একজন গেলেও লাভ হবে না: মওদুদ
জাহিদুর রহমানের মতো বিএনপির নির্বাচিতদের আরও দুই-একজন শপথ নিলেও সংসদের ‘বৈধতা আসবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিএনপির প্রথম সাংসদ হিসেবে বৃহস্পতিবার শপথ নেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ।
তার শপথ গ্রহণকে স্বাগত জানিয়ে বিএনপির নির্বাচিত অন্যরাও শপথ নিয়ে সংসদে যোগ দেবেন বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
একাদশ সংসদ নির্বাচনে জয়ী বিএনপির ছয়জনের মধ্যে আরও কয়েকজন শপথ নিতে পারেন বলে গুঞ্জন রয়েছে রাজনৈতিক মহলেও।
বিএনপির প্রথম সাংসদ হিসেবে বৃহস্পতিবার শপথ নেন ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান
তিনি বলেন, “একজন জাহিদুর রহমান গিয়েছেন। যদি তার মতো আরও দুই-একজন যান, তাতে সরকারের কী সুবিধা হবে তা আমি জানি না।
“তবে দেশের জনগণ জানে, তারা গেলেও বর্তমান সংসদের বৈধ্যতা আসবে না, আসতে পারে না। কারণ এই সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না। এই সংসদে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি।”
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে ২০১৪ সালের ভোট বর্জন করা বিএনপি এবার নির্বাচনে যায় গণফোরাম নেতা কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গড়ে। গত তবে গত ৩০ ডিসেম্বরের ওই নির্বাচনে ভরাডুবি হয় তাদের।
নির্বাচনে মাত্র ছয়টি আসন পায় বিএনপি। তাদের অন্যান্য জোটসঙ্গীদের মধ্যে শুধু গণফোরাম পায় দুটি আসন।
নির্বাচনে ‘ভোট ডাকাতির’ অভিযোগ তুলে সংসদে না যাওয়ার ঘোষণা দেয় বিএনপি ও ঐক্যফ্রন্ট।
তবে তাদের ওই সিদ্ধান্ত উপেক্ষা করে গণফোরামের দুজন সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খানের পর বিএনপির জাহিদ শপথ নিলেন। বিএনপির আরও কয়েকজন শপথ নেবেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে।
মওদুদ আহমদ (ফাইল ছবি)
তার মতে, দেশে ‘এক শূন্যতা’ বিরাজ করছে, যা সরকার ও দেশের জন্য ‘ভয়ঙ্কর’।
এই সংকট উত্তরণে অবিলম্বে ‘নিরপেক্ষ’ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি।
“এতে আপনারাও ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্ত হবেন, জনগণও স্বস্তি পাবে।”
নিপীড়ন-নির্যাতনের মাধ্যমে বিএনপিকে ‘নিশ্চিহ্ন করার’ চেষ্টা চলছে অভিযোগ করে তার কঠোর সমালোচনা করেন মওদুদ আহমদ।
মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনায় মানববন্ধনে মহিলা দলের হেলেন জেরিন খান, শাম্মী আখতারসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
