২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকসু ভোটে ছাত্র রাজনীতিতে ‘সুবাতাসের’ সুযোগ দেখছেন ফখরুল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ছাত্র রাজনীতিতে ‘সুবাতাস বইবার’ সুযোগ হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2019, 07:38 PM

Updated : 18 Aug 2022, 04:58 PM

ভোটের আগের দিন রোববার এক সভায় তিনি বলেছেন, “আগামীকাল ডাকসু নির্বাচন। কোন দল জিতবে বা কোন দল জিতবে না, নির্বাচনে কালকে কী হবে- সেটা আমরা পরে বিবেচনা করব।

“কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে ছাত্র রাজনীতিতে একটা সুবাতাস বইবার সুযোগ পেয়েছে এখন পর্যন্ত। এটাকে যদি মেনটেইন করা যায় তাহলে রাষ্ট্রের জন্য, জাতির জন্য নিঃসন্দেহে ভালো কাজ হবে যে, আমরা রাজনৈতিক নেতৃত্ব সৃষ্টি করতে পারব।”

ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন এবং ঊনসত্তরের গণ অভ্যুত্থানসহ বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে ডাকসুর নেতারা ছিলেন সামনের কাতারে। ডাকসু নেতাদের অনেকেই পরবর্তীতে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

প্রতিবছর এই ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা থাকলেও ১৯৯০ সালের পর এবারই প্রথম তা হচ্ছে। ২৮ বছর এই নির্বাচন না হওয়ায় ‘নতুন নেতা সৃষ্টির কারখানা বন্ধ হয়েছিল’ বলে মনে করেন মির্জা ফখরুল।

ষাটের দশকের শেষ দিকে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালনকারী ফখরুল এবারের নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি ছাত্র সংগঠনকে অভিনন্দন জানান।

তিনি বলেন, “ছাত্র সংগঠনগুলো এ নির্বাচনে অংশগ্রহণ করছে- আমি সেটাকে স্বাগত জানাই। কারণ যে ডাকসু নির্বাচন ২৮ বছর হয়নি, এটি আরেকটি ক্যান্সারের সৃষ্টি করেছিল যে, আমাদের রাজনৈতিক নেতৃত্ব সৃষ্টি হবার যে কারখানা সেই কারখানা বন্ধ করে দিয়েছিল।

“আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে রাজনৈতিকভাবে কিছুটা অনীহা তাদের এসে গিয়েছিল বা পিছিয়ে যাচ্ছিল, সেটাতে আবার একটা আগ্রহের সৃষ্টি হয়েছে।”

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ক্ষমতাসীনরা ‘ন্যক্কারজনকভাবে’ প্রভাব খাটিয়ে ভোটের ফলাফল নিজেদের পক্ষে নিয়েছেন বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, “৩০ ডিসেম্বর একটা নির্বাচন করেছে। আমরা ওই নির্বাচনে অংশগ্রহণ করেছি, ঐক্যফ্রন্ট গঠন করে গেছি ও জোট গঠন করে গেছি। কেন? আমরা ওই নির্বাচনের মধ্য দিয়ে একটা পরিবর্তন আনতে চেয়েছিলাম, এ নির্বাচনের মধ্য দিয়ে আন্দোলন তৈরি করে আমরা জনগণের অধিকারগুলো ফিরিয়ে আনতে চেয়েছিলাম। কিন্তু এরা কী করেছে? এরা (সরকার) ক্রিমিনালের মাইন্ড নিয়ে, অপরাধীর মন নিয়ে গোটা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।”

ফখরুল বলেন, “আমরা বলেছিলাম, নিরপেক্ষ লোকদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করুন। সেটা করা হয়নি। তারা তাদের একেবারে পোষ্য লোকগুলোকে দিয়ে নির্বাচন কমিশন গঠন করেছে। সেই প্রধান নির্বাচন কমিশনার এই নির্বাচনটিকে পুরোপুরিভাবে যেন নিয়ন্ত্রণ করতে পারে, আওয়ামী লীগে যেন জয়ী হতে পারে তার জন্য তারা কাজ করেছেন। এই নির্বাচন আপনারা দেখেছেন, সবাই ভুক্তভোগী এবং এই নির্বাচনকে কেন্দ্র করে তারা যে নজির সৃষ্টি করেছে তা নজিরবিহীন। অতীতে কেউ তা দেখেনি।”

নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে দেওয়া হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, “এই নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের কোনো আস্থা নেই। তার প্রমাণ আপনারা দেখেছেন যে, গত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ভোটাররা কেউ ভোট দিতে যায়নি। আবার উপজেলা নির্বাচন শুরু হয়েছে। সেখানেও পত্রপত্রিকায়, মিডিয়ায় আমরা দেখছি যে, কারো কোনো আগ্রহ নেই। ৭৫-৮০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। অর্থাৎ নির্বাচনী প্রতিষ্ঠানটা শেষ হয়ে গেল।

“জুডিশিয়ারি গেলে, নির্বাচনী প্রতিষ্ঠান গেল আর প্রশাসন তো তারাই রাজা। আমি অনেককে বলতে শুনেছি, তথাকথিত তামাশার নির্বাচনে এমপি যারা নির্বাচিত হয়েছেন তাদের অনেককে এই প্রশাসনের লোকজন বলেছে, ভাই আপনারা দূরে থাকেন। নির্বাচন তো আপনারা করেননি, করেছি আমরা, জিতিয়েছি তো আমরা। সুতরাং যা করার করব আমরা।”

সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনের স্বাধীনতা মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক কমিটির সভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেন, “দেশে এখন ফ্যাসিস্ট, গণবিরোধী, একদলীয় সরকার বিরাজ করছে। তাদেরকে অপসারণ করাই হচ্ছে আমাদের একমাত্র কাজ। কারণ এদেশে যা কিছু সুন্দর, যা কিছু ভালো তার সব জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার হাত দিয়ে পেয়েছি আমরা। তার সব কিছু ধ্বংস করেছে এই অবৈধ সরকার।

“অসুস্থ বেগম জিয়াকে বাঁচাতে চাইলে, মুক্ত করতে চাইলে এবং গণতন্ত্রকে বাঁচাতে চাইলে, প্রতিষ্ঠা করতে চাইলে আন্দোলন ছাড়া কোনও বিকল্প কিছু নেই।”

কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিনের পরিচালনায় কৃষক দলের তকদির হোসেন মো. জসিম, নাজিম উদ্দিন, জামাল উদ্দিন খান মিলন, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, জিয়াউল হায়দার পলাশ, মাইনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।