২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপে মেনন-ইনুদেরও রাখছেন শেখ হাসিনা

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাকবেন ২০ জন, তার মধ্যে আওয়ামী লীগের জোট শরিক দলগুলোর নেতারাও রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2018, 06:04 PM

Updated : 19 Aug 2022, 02:49 PM

আগামী বৃহস্পতিবার রাতে গণভবনে সংলাপে যাবে কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। তাদের প্রতিনিধি দলে বিএনপির পাঁচ নেতাসহ ১৬ জন থাকবেন বলে মঙ্গলবার জানানো হয়।

বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংলাপে অংশ নেওয়ার জন্য ২০ জনের নামের তালিকা পাঠানো হয় ।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০ জন নেতা এই সংলাপে উপস্থিত থাকবেন।

সংলাপে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতার মধ্যে থাকছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্যাহ, মো.আব্দুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন।

আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, আবদুর রহমান ও  দীপু মনি, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপও ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসছেন। থাকছেন আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের নেতা শ ম রেজাউল করিমও।

Image
১৪ দলের এক সংবাদ সম্মেলনে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, দিলীপ বড়ুয়াসহ অন্যরা

১৪ দলের এক সংবাদ সম্মেলনে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, দিলীপ বড়ুয়াসহ অন্যরা

১৪ দলের শরিক দলগুলোর নেতাদের মধ্যে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, জাসদের একাংশের কার্যকরী সভাপতি মইনুদ্দিন খান বাদল, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াও উপস্থিত থাকবেন বলে আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পুরনো খবর:

সংলাপ: ১৬ জনের দল নিয়ে গণভবনে যাবেন কামাল