বিএনপি এখন আমার হাতে: নাসিম
কয়েক বছর বাদে আবার সক্রিয় হয়ে কামরুল হাসান নাসিম দাবি করেছেন, বিএনপির নিয়ন্ত্রণ এখন তার হাতে।
খালেদা জিয়া বন্দি হওয়ার পর সাত মাস বাদে শনিবার ঢাকার গুলশানের ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলনে এসে এই দাবি করেন নাসিম, যাকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে আসছেন বিএনপি নেতারা।
নিজেকে ‘আসল বিএনপি’র নেতা দাবি করে আসা নাসিম বলেন, “আজ দলের নেতৃত্ব কার কাছে? তারেক রহমানের কাছে, বেগম জিয়ার কাছে, মির্জা ফখরুলের কাছে? মোটেই না...আমার কাছেই দল।”
“জ্যেষ্ঠ নেতাদের সাথে আলোচনা করেই বলছি...ধানের শীষে মনোনয়নও আমরাই দেব,” বলেন তিনি।
গত ফেব্রুয়ারিতে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর লন্ডনে থাকা জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে বিএনপি। তার পরামর্শে বিএনপি চলছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অচেনা নাসিম কয়েক বছর আগে ‘আসল বিএনপি’ নিয়ে সক্রিয় হয়ে ওঠার পর বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল, খালেদা জিয়ার দলকে ভাঙতে এটা ‘সরকারের চক্রান্ত’।
বিএনপির জ্যেষ্ঠ নেতা এবং আসন্ন জাতীয় নির্বাচনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মনোনয়ন প্রত্যাশী ৩২০ জনের সঙ্গে আলোচনা করেছেন বলে দাবি করেন নাসিম।
“আমার সাথে দলের জ্যেষ্ঠ ও মনোনয়ন প্রত্যাশী ৩২০ জন নেতার সাথে কথা হয়েছে, তারা জামায়াতমুক্ত রাজনৈতিক দল নিয়ে নির্বাচনে যেতে যায়। তারা আমাকে মৌন সম্মতি দিয়েছেন”
বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা আমার সাথে বসুন। জামায়াত ও দুষ্টু দলগুলো ছাড়ুন। তারেক রহমানকে স্যারেন্ডার করতে বলুন, আর মা বেগম জিয়াকে বিশ্রাম দেওয়া হোক।”
বিএনপি ইতোমধ্যে বলেছে, খালেদা জিয়াকে কারাগারে রেখে তারা নির্বাচনে অংশ নেবে না, হতেও দেবে না।
তারেক রহমানের সমালোচনা করে নাসিম বলেন, “তার নেতৃত্বে বিশাল সমস্যা, ব্যাপক ঘাটতি আছে, তার নেতৃত্বের কোনো গুণাবলিই নেই...রাজরক্তের বাইরে তার কিচ্ছু নেই।”
খালেদার কারাগারে থাকার প্রসঙ্গে তিনি বলেন, “তার বিচার প্রকৃতি করাচ্ছে...।
খালেদাকে বিশ্রামে যাওয়ার পরামর্শ দিয়ে নাসিম বলেন, “আপনি আত্মশুদ্ধিতে চলে যান। আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা দল পুনর্গঠন করব।”
