২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় জনসভা করার মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি

আগামী  ১ সেপ্টেম্বর দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নয়াপল্টনে জনসভা করতে পুলিশের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2018, 05:40 PM

Updated : 19 Aug 2022, 02:31 PM

বিকালে এক ব্রিফিঙে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কথা জানান।

তিনি বলেন, “আমাদের দলের পক্ষ থেকে আজকে আবুল খায়ের ভুঁইয়া, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও আবদুস সালাম আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে আলাপ করেছেন। কথাবার্তার পর পুলিশ কমিশনার ১ সেপ্টেম্বর নয়াপল্টনে র কার্যালয়ের সামনে জনসভার মৌখিক অনুমতি দিয়েছেন।”

ওইদিন বেলা ২টায় জনসভা শুরু হবে বলে জানান রিজভী।

রিজভী বলেন, পুলিশের অনুমতির পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ১১টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।

ব্রিফিঙে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সহসভাপতি মীর হোসেন মীরু প্রমুখ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার নয়াপল্টনের কার্যালয়ে দলের অঙ্গসংগঠনের যৌথসভায় প্রতিষ্ঠাবার্ষিকীর দুইদিনের কর্মসূচি চূড়ান্ত করা হয়।

ওইদিন ভোরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্যে কর্মসূচির সূচনা হবে।

পরদিন বিকাল ৩টায় রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে রাখা হয়েছে আলোচনা সভা ।