২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ সিটিতে ‘আরও ভালো’ নির্বাচন হবে: এইচ টি ইমাম

বিএনপির অভিযোগ ও নির্বাচন পর্যবেক্ষকদের সংশয়কে উড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, রাজশাহী, সিলেট ও বরিশালে আগেরগুলোর চেয়েও ‘ভালো’ নির্বাচন হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2018, 11:47 PM

Updated : 19 Aug 2022, 02:22 PM

তিনি বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেন, “খুলনা, গাজীপুরে ভালো নির্বাচন হয়েছে; তিন সিটি আরও ভালো হবে।”

আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন হবে। এই তিন সিটিতেই বর্তমানে মেয়র পদে রয়েছেন বিএনপির নেতারা।

খুলনা ও গাজীপুরের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে আসা বিএনপির অভিযোগ, অন্য তিনটি সিটি নির্বাচনেও কারচুপির ষড়যন্ত্র করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

খুলনা ও গাজীপুর সিটি নির্বাচন নিয়ে নির্বাচন পর্যবেক্ষকদের মোর্চা ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিওজি) অসন্তোষ জানিয়েছে। রাজশাহী, সিলেট ও বরিশালে সুষ্ঠু ভোট নিয়ে সংশয় প্রকাশ করেছে সুজন। ইসি সরকারে বার্তায়ই কাজ করছে বলে দাবি করেছে নাগরিক সংগঠনটি। 

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম ইসির ভাবমূর্তি বজায় রাখার উপর জোর দিয়ে বলেন, “নির্বাচন কমিশনের ভাবমূর্তি সমুন্নত থাকুক। ভবিষ্যতে নির্বাচন কমিশনের অধীনে আরও অনেক নির্বাচন আছে।”

ইলেকশন ওয়ারর্কিং গ্রুপের (ইডব্লিউজি) নির্বাচন প্রতিবেদনে আসা তথ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এইচ টি ইমাম।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১২৯টি কেন্দ্রে পর্যবেক্ষণ চালিয়ে এর ৪৬ শতাংশ কেন্দ্রে কোনো না কোনো অনিয়ম পাওয়ার কথা জানিয়েছিল ইডব্লিউজি। যুক্তরাষ্ট্রও অনিয়মের অভিযোগ নিয়ে উদ্বেগ জানায়। 

এইচ টি ইমাম বলেন, “গাজীপুর কিংবা খুলনায় অনিয়মের কথা বানানো হয়। গাজীপুর নিয়ে ইডব্লিউজি যে কথা বললো তার উপর ভিত্তি করে মার্কিন রাষ্ট্রদূত যে কথা বললেন, এটা কোনো তর্কে বা পরিসংখ্যানে টেকে না।”

পরিসংখ্যান নিয়ে নানা রকম ‘খেলা হচ্ছে’ দাবি করে তিনি বলেন, নির্বাচন কমিশনকে হেয় করলে জাতি ‘ছোট হয়’।

তিনি বলেন, “আমরা হিসেব করে দেখেছি তাদের হিসেবেই ৪ দশমিক ৩ শতাংশ জায়গায় অনিয়ম হয়েছে। নির্বাচন কমিশনের কাছে তথ্য নিয়েছি। ১১ লাখ ৩৬ হাজারের মধ্যে মাত্র দুজন ভোটার ভোট দিতে পারেননি।”

“ইউব্লিউজির পক্ষে যারা বলেছেন, এগুলো ভবিষ্যতে যেন না হয় সতর্ক করব। আপনাদের দায়িত্ব এদের লাগামহীন প্রচারে কান না দেওয়া,” সাংবাদিকদের ‍উদ্দেশে বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

খুলনা ও গাজীপুরের মেয়রসহ স্থানীয় এমপিদের প্রচার-প্রচারণায় দেখা যাওয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও প্রত্যাখ্যান করেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম। 

খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক ও গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম রাজশাহী ও বরিশালে ভোটের প্রচারে এবং স্থানীয় তিন এমপি রাজশাহীতে প্রচারে অংশ নেওয়ায় উঠেছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ।

এইচ টি ইমাম বলেন, “আমি মনে করি, এখানে কোনো আচরণবিধি লঙ্ঘন হয়নি। জাহাঙ্গীর আলম শপথ নেননি। আব্দুল খালেক শপথ নিলেও কার্যভার নেননি।”   

স্থানীয় এমপিদের প্রচারণায় অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, “এমপিদের প্রচার পত্রপত্রিকায় এসেছে। আমরা খতিয়ে দেখব।

“আমরা আরও ভাল করার চেষ্টা করব।…প্রশাসন শতভাগ নিরপেক্ষ থাকবে। আমরা স্বাধীন নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা দিয়ে যাব। আমাদের কেউ যেন আচরণবিধি লঙ্ঘন না করে সে বিষয়েও নির্দেশনা দেব।”

আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, “উনারা বলেছেন, যেসব অভিযোগ ইসির বিরুদ্ধে হয়ে থাকে সেসব অভিযোগের ভিত্তি নেই। সরকারি দল এসব অভিযোগের প্রশ্রয় দেয় না। কারণ, নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা, আইন-কানুন বিধি বিধান অনুসারে পরিচালিত করবে।”

ক্ষমতাসীন দলের সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আলোচনা হয়েছে কি না-জানতে চাইলে সচিব বলেন, “আচরণবিধি লঙ্ঘনের বিষয়গুলো ওভাবে আলোচনা হয়নি। আমাদের কাছে যে সব বিষয় এসেছে দুই সিটি মেয়রকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। স্পিকারকে চিঠি দেওয়া হয়েছে যেন কোনো এমপি প্রচারণায় অংশ না নেন।”

ইডব্লিউজি’র প্রতিবেদন প্রসঙ্গে সচিব বলেন, “ইডব্লিউজি এজন্য ক্ষমা চেয়েছে। তারা আমার সঙ্গে দেখা করেছে। লিখিতভাবে প্রতিটি পত্রিকায় তারা প্রতিবাদ দিয়েছেন।”

গণগ্রেপ্তার নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে হেলালুদ্দীন জানান, এ ধরনের কোনো অভিযোগের সত্যতা পুলিশ কমিশনাররা পায়নি।

“আমরা বিষয়গুলো তলিয়ে দেখছি। রিটার্নিং অফিসারের কাছে অভিযোগের তালিকা দেয়া হয়েছে। তারাও বিষয়গুলো দেখছেন। তারা দেখছেন সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না।”

আরও খবর

সচিবকে দিয়ে ইসি চালাচ্ছে সরকার: ফখরুল  

গাজীপুরে অনেক কেন্দ্রে অনিয়ম ছিল: ইডব্লিউজি  

সরকারের বার্তাতেই কাজ করছে ইসি: সুজন  

খুলনা-গাজীপুরের কৌশল আগামীতেও, আশঙ্কা হাফিজ উদ্দিন খানের