বিএনপি কর্মীদের প্রতি নির্বাচনের সঙ্গে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান
নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি আন্দোলনের জন্যও প্রস্তত থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শনিবার নগরীর কাজীর দেউড়ি ভিআইপি ব্যাংকোয়েট হলে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত কর্মীসভায় তিনি এ আহ্বান জানান।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
সরকার মিথ্যা মামলা হামলা নির্যাতন নিপীড়ন চালিয়েই যাচ্ছে। বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও নির্যাতন করে তারা নির্বাচন দেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তারা বিএনপিকে অপ্রস্তুত রেখে নির্বাচনের পাঁয়তারা করছে।”
নজরুল ইসলাম খান বলেন, “অবৈধ নির্বাচনের মাধ্যমে ১৫৪ জন্য বিনা ভোটে সংসদ সদস্য হয়ে সরকার গঠন করে শুধু দেশ ও জাতিকে ছোট করে নাই ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে অবৈধ সরকার বিশ্ববাসীর কাছে আমাদেরকে হেয় প্রতিপন্ন করেছে।
খালেদা জিয়াকে শাস্তি দেওয়ার কোনো তথ্য উপাত্ত মামলায় নেই দাবি করে তিনি বলেন, “তারা অন্যায়ভাবে আদালতকে বাধ্য করার অপচেষ্টায় লিপ্ত। তারা প্রধান বিচারপতিকেও জোরপূর্বক অবসর দিয়ে বিচার বিভাগকে ব্যবহার করার অপচেষ্টা চালাচ্ছে।
সভায় প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি যারা করে তাদের ভূমিকার ওপর নির্ভর করবে আগামী দিনে জাতির ভবিষ্যৎ।
আওয়ামী লীগ একটি নির্বাচনী প্রজেক্ট তৈরি করেছে। অবৈধভাবে আগামী দিনে আবার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। জনগণের ভোটে তাদের কোনো আস্থা নেই। বাংলাদেশের জনগণ তাদের নির্বাচনী প্রজেক্ট ভেঙ্গে চুরমার করে দেবে।”
কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন।
নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজী কবীর, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আবু সুফিয়ান, এম এ আজিজ, সামশুল আলম, মোহাম্মদ মিয়া ভোলা, নিয়াজ মোহাম্মদ খান প্রমুখ।
