রোহিঙ্গা সংকট সমাধানে সরকার ব্যর্থ: বিএনপি
মিয়ানমারে সহিংসতার মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া এবং তাদের ফিরিয়ে নেওয়ার জন্য বাধ্য করার ক্ষেত্রে সরকারের ব্যর্থতা দেখছে বিএনপি।
বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় এ অবস্থান তুলে ধরেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে ইন্দোনেশিয়া থেকে, তুরস্ক থেকে পররাষ্ট্রমন্ত্রীরা আসছে। সহিংসতা বন্ধে জাতিসংঘ বিবৃতি দিয়েছে।
“এখন পর্যন্ত আমাদের সরকারের কোনো দূত কোথাও যায়নি, আমাদের সরকার এখন পর্যন্ত জাতিসংঘে প্রসঙ্গটি উপস্থাপন করেনি।”
সংকট মোকাবেলায় সরকার ব্যর্থ হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, “… তারা যখন আমাদের এখানে আশ্রয় প্রার্থনা করছে তখন এই সরকার তাদেরকে আশ্রয় দিতে ব্যর্থ হয়েছে। এই সরকার ব্যর্থ হয়েছে কুটনৈতিক প্রচেষ্টা চালিয়ে মিয়ানমাকে বাধ্য করতে যে এই রোহিঙ্গাকে দেশে ফিরিয়ে সসম্মানে তাদের জীবনযাপন করতে দিতে হবে, তাদেরকে জীবনের অধিকার দিতে হবে। এই সরকার এই কাজগুলো করেনি।”
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)
গত ২৪ অগাস্ট মিয়ানমারের রাখাইনে পুলিশ পোস্ট ও সেনাক্যাম্পে হামলার পর থেকে রাখাইন রাজ্যে সেনা অভিযান চালানো হচ্ছে; সহিংসতায় প্রায় ৪০০ মানুষের প্রাণহানি ঘটেছে বলে মিয়ানমার সরকার হিসাব দিয়েছে।
অব্যাহত সহিংসতার মুখে প্রতিদিনিই ভীত-সন্ত্রস্ত হাজার হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ছে; জাতিসংঘের হিসাবে বুধবার পর্যন্ত মোট একলাখ ৪৬ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।
বাংলাদেশ গত কয়েক দশক ধরে মিয়ানমারে জাতিগত নিপীড়নের মুখে পালিয়ে আসা পাঁচ লাখের বেশি রোহিঙ্গার ভার বহন করে চলেছে। বাংলাদেশ সরকার তাদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে এলেও মিয়ানমার তাতে সাড়া দেয়নি।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মহানগর উত্তর বিএনপির উদ্যোগে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০তম কারামুক্তি দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়।
সরকার আবারও একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে বলে সভায় অভিযোগ করেন ফখরুল।
“আমরা স্পষ্ট করে বলতে চাই, এদেশের মানুষ ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একতরফা নির্বাচন হতে দেবে না এবং সেই নির্বাচন এদেশের মানুষ মেনে নেবে না।”
গত কয়েক সাপ্তাহে ২০ দলীয় জোটের অন্যতম শরিক কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানসহ দুই ব্যবসায়ীর নিখোঁজ হওয়ার ঘটনা তুলে বিএনপি মহাসচিব বলেন, “এই সরকারের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নাই, কাউকে মেরে ফেললেও কোনো জবাবদিহিতা করতে হয় না, কাউকে খুন করলেও জবাবদিহি করতে হয় না, কাউকে গুম করলেও জবাবদিহি করতে হয় না।”
অনুষ্ঠানে ইতালীয় নাগরিক তাভেল্লা সিজার হত্যা মামলার আসামি মালয়েশিয়ায় অবস্থান নেওয়া মহানগর উত্তরের সভাপতি এম এ কাইয়ুম মোবাইল ফোনের মাধ্যমে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
