২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কূটনৈতিকভাবে মিয়ানমারকে চাপ দেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

রোহিঙ্গাদের বিরুদ্ধে চলমান সহিংসতা বন্ধে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন না করে কূটনৈতিক তৎপরতা চালিয়ে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2017, 07:33 PM

Updated : 11 Oct 2022, 02:29 PM

বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

রোহিঙ্গাদের উপর নিপীড়নের নিন্দা জানিয়ে সম্প্রতি মিয়ানমারের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে মালদ্বীপ।

বাংলাদেশ এমন কোনো অবস্থান নেবে কি না তা জানতে চাইলে তোফায়েল বলেন, “মালদ্বীপ একটি ছোট দেশ, অনেক দূরের। তারা একটি সিদ্ধান্ত নিল, বাংলাদেশ তো সেই পর্যায়ের না।

“বাংলাদেশ ১৬ কোটি মানুষের দেশ, বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধুর দেশ। আমরা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে মিয়ানমারকে বুঝাবার চেষ্টা করছি তারা যেন হত্যাযজ্ঞ যেন বন্ধ করে। এটিই হল বড় চাপ।”

গত ২৪ অগাস্ট মিয়ানমারের রাখাইনে পুলিশ পোস্ট ও সেনাক্যাম্পে হামলার পর থেকে রাখাইন রাজ্যে সেনা অভিযান চালানো হচ্ছে; সহিংসতায় প্রায় ৪০০ মানুষের প্রাণহানি ঘটেছে বলে মিয়ানমার সরকার হিসাব দিয়েছে।

অব্যাহত সহিংসতার মুখে প্রতিদিনিই ভীত-সন্ত্রস্ত হাজার হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ছে; জাতিসংঘের হিসাবে বুধবার পর্যন্ত মোট একলাখ ৪৬ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

বাংলাদেশ গত কয়েক দশক ধরে মিয়ানমারে জাতিগত নিপীড়নের মুখে পালিয়ে আসা পাঁচ লাখের বেশি রোহিঙ্গার ভার বহন করে চলেছে। বাংলাদেশ সরকার তাদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে এলেও মিয়ানমার তাতে সাড়া দেয়নি।

বাংলাদেশের পক্ষে রোহিঙ্গাদের ভারবহন করা সম্ভব হচ্ছে না জানিয়ে মন্ত্রী বলেন, “অমানবিক কাজ মিয়ানমার করে চলেছে, এটা হতে পারে না, আমাদেরও তো সক্ষমতা থাকতে হবে, গতকাল ৩৫ হাজার প্রবেশ করেছে।

“আমরা বিষয়টি মানবিক দিক থেকে দেখছি, বাংলাদেশের পক্ষে এত রোহিঙ্গা এখানে বাসস্থানের ব্যবস্থা করা দুরুহ।”

রোহিঙ্গাদের বিভিন্ন দেশ আশ্রয় দিলে বাংলাদেশের উপর ভার কমবে জানিয়ে তোফায়েল বলেন, “আন্তর্জাতিক বিশ্বের রোহিঙ্গাদের প্রতি দৃষ্টি দেওয়া প্রয়োজন। একা এই ভার বহন করা সম্ভব হচ্ছে না। মিয়ানমার সরকারকে তাদের ফিরিয়ে নেওয়া উচিত। আন্তর্জাতিক মহলকে চাপ দিতে হবে।