২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপ-প্রধানমন্ত্রীর পদ সৃষ্টির খবর গুজব: ওবায়দুল কাদের

মন্ত্রিসভায় রদবদল হতে পারে বলে ইঙ্গিত দিলেও উপ-প্রধানমন্ত্রী পদ সৃষ্টির বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2017, 05:00 PM

Updated : 19 Aug 2022, 05:05 PM

ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই গুঞ্জনের বিষয়ে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “উপ-প্রধানমন্ত্রী… এটা স্রেফ একটা গুজব। এটার কোনো বাস্তবতা নেই। এটা একেবারে ভিত্তিহীন মিথ্যা কথা।”

মঙ্গলবার ঢাকার মহাখালীর সেতু ভবনে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন কাদের।

সরকারের মেয়াদের দেড় বছর বাকি থাকতে মন্ত্রিসভায় রদবদলের সঙ্গে প্রধানমন্ত্রীর নিচে আরেকটি পদ সৃষ্টির গুঞ্জনও ছড়িয়েছে।

উপ-প্রধানমন্ত্রীর পদ সৃষ্টিকে গুজব বলে উড়িয়ে দিলেও রদবদলের সম্ভাবনা নাকচ করেননি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের।

তিনি বলেন, “এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার.. কাকে তিনি রাখবেন, কাকে বাদ দেবেন অথবা এই মুহূর্তে একটা রিশাফল করবেন কি না?

“তবে একটা রিশাফল বোধ হয় হতে পারে। তবে কোন সময় হবে, কী হবে, সেটা আমি ঠিক জানি না। একটা রিশাফল হতে পারে।”