আ. লীগের ‘দুর্বলতার’ বিষয়ে সিদ্ধান্ত কার্যনির্বাহী কমিটিতে
আওয়ামী লীগের অভ্যন্তরীণ ‘দুর্বলতার’ বিষয়ে কার্যনির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সম্প্রতি অনুষ্ঠিত সুনামগঞ্জ ও কুমিল্লা নির্বাচন নিয়ে কথা বলেন কাদের।
তিনি বলেন, “দলের অভ্যন্তরীণ দুর্বলতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে করনীয় নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কারণ দলের মেজর সিদ্ধান্ত কার্যনির্বাহী কমিটিতে গ্রহণ করা হয়।”
গত ৩০ মার্চ সুনামগঞ্জ উপনির্বাচন এবং কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ভোট হয়। সুনামগঞ্জে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্ত।
অন্যদিকে কুমিল্লায় বিএনপির মনিরুল হক সাক্কুর কাছে হেরে যান আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। সাক্কু ১১ হাজার ভোটে হারান সীমাকে।
কুমিল্লায় দলীয় প্রার্থীর পরাজয়ের পেছনে অভ্যন্তরীন দ্বন্দ্বের কথা বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “বৈঠকে পার্টির শৃঙ্খলা বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত সুনামগঞ্জ ও কুমিল্লা নির্বাচন এবং আগামীতে আরও কিছু নির্বাচন রয়েছে, তা নিয়েও আলোচনা হয়েছে।
“আগামী ১২ এপ্রিল দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে দলের কার্যনির্বাহী কমিটিতে আজকের আলোচনার বিষয়বস্তু সুপারিশ আকারে তুলে ধরা হবে। এ বিষয়ে নির্বাহী কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে।”
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আওয়ামী লীগের একটি শোভাযাত্রা রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হবে। সংগঠনের সাংস্কৃতিক কমিটি এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এর প্রস্তুতি নেবে।
বৈঠকে ১৭ এপ্রিল মুজিবনগর সরকার দিবস পালন উপলক্ষে সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে।
বৈঠকে অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাঈলী, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুর নাহার চাঁপা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলওয়ার হোসেন, দপ্তর সম্পাদক আবদুস ছোবহান গোলাপ এবং উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।
