নারায়ণগঞ্জের ভোট আন্দোলনের আংশিক বিজয়: ফখরুল
বিএনপির আন্দোলনের চাপে নারায়ণগঞ্জ সিটির ভোটে নির্বাচন কমিশন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বাধ্য হয়েছে দাবি করে বিষয়টিকে ‘আংশিক বিজয়’ বলে মনে করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সকালে রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে দেখার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ প্রতিক্রিয়া জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, “নারায়ণগঞ্জের নির্বাচনকে আমি একটু ভিন্নভাবে দেখি। সেখানের নির্বাচনে আমাদের যে দীর্ঘকালের সুষ্ঠু নির্বাচনের সংগ্রাম, সেই সংগ্রামের আংশিক বিজয় আমরা লক্ষ্য করেছি অর্থাৎ নির্বাচন কমিশন বাধ্য হয়েছে অন্তত বাহ্যিকভাবে একটা পরিবেশ বজায় রাখার জন্য।
“এইটুকু আপনারা বলতে পারেন যে, আমাদের সেই সংগ্রামের একটা আংশিক বিজয় হয়েছে নিঃসন্দেহে।”
বৃহস্পতিবারের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী পৌনে এক লাখ ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে হারিয়ে টানা দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন।
রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফল অনুযায়ী, আইভী নৌকা পেয়েছে ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী সাখাওয়াতের ধানের শীষ পেয়েছে ৯৬ হাজার ৪৪ ভোট।
ভোটের রাতেই সাখাওয়াত নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে ‘সন্তুষ্টি’র কথা বললেও ‘ভোট গণনায় ত্রুটি’ হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন।
আর পরদিন শুক্রবার বিএনপি সংবাদ সম্মেলন করে ক্ষমতাসীন দলের প্রার্থীকে জয়ী করতে কারচুপি হয়ে থাকতে পারে বলে শংকা প্রকাশ করে ‘বিচার বিভাগীর তদন্ত’ দাবি করেছে।
শনিবার বিএনপির মহাসচিব সাংবাদিকদের বলেন, “ওই নির্বাচনের ভেতরে কী হয়েছে, সে সম্পর্কে ইতিমধ্যে আমাদের বক্তব্য গেছে, আপনারা শুনেছে। আমরা এই বিষয়টা আরো পরীক্ষা করছি, আমরা দলের পক্ষ থেকে তদন্ত করছি। এরপরে আপনাদেরকে আরও ভালোভাবে বলতে পারব আসলে কী ঘটেছে”
এর আগে সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ৩০২ নম্বর কেবিনে মাহমুদুর রহমানকে দেখতে ফুল নিয়ে যান বিএনপি মহাসচিব। আগের দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও তাকে দেখতে যান।
গ্রেপ্তারের ২১ মাস পর গত ১৮ ডিসেম্বর জামিনে মুক্ত হওয়ার পর থেকে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ভর্তি হন মান্না। প্রায় আধঘণ্টা কেবিনে থেকে মান্নার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন ফখরুল।
এ সময় দলের ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী সেলিম উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জবাসী ভোটের মাধ্যমে বিএনপিকে জবাব দিয়েছে- প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এটা উনার (প্রধানমন্ত্রী) বক্তব্য। আমরা যেটা মনে করি, সেটা হচ্ছে যে, নারায়ণগঞ্জের নির্বাচন একটি স্থানীয় সরকার নির্বাচন। এই স্থানীয় সরকার নির্বাচন দিয়ে কখনো জাতীয় নির্বাচনের কোনো ফলাফল বা তার সম্পর্কে ধারণা করা সঠিক নয়। স্থানীয় নির্বাচনে জাতীয় ইস্যুগুলো সেভাবে প্রাধান্য পায় না।
“নারায়ণগঞ্জের নির্বাচন সুষ্ঠু হয়েছে, তা আমি বলছি না। আমি বলছি, এই নির্বাচন বাহ্যিকভাবে ভোটগ্রহণ পর্যন্ত একটা অবস্থা ছিলো। তারপরে কী হয়েছে, সেটা আমরা জানি না। এই নির্বাচন সম্পর্কে অনেক প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো আমরা তদন্তের পরে জানাব।”
এক সময়কার জাসদ ছাত্রলীগের তুখোর নেতা মাহমুদুর রহমান মান্না ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ভিপি হয়েছিলেন। বামধারার এই ছাত্রনেতা নব্বইয়ের দশকে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন; পেয়েছিলেন সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও।
ওয়ান-ইলেভেন নামে পরিচিত ২০০৭ সালের ১১ জানুয়ারি সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পর আওয়ামী লীগে সংস্কারপন্থি হিসেবে পরিচিতি পান মান্না।২০০৮ সালের সাধারণ নির্বাচনের পর আওয়ামী লীগের পদ হারালে তিনি নাগরিক ঐক্য নামে নতুন দল গঠন করেন।
দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে ২০১৫ সালের শুরুর দিকে বিএনপি নেতৃত্বাধীন জোটের টানা অবরোধ-হরতাল ও সহিংসতায় প্রাণহানির মধ্যে সংকট নিরসনে জাতীয় সংলাপের আহ্বান জানান মান্না। সংলাপ না হলে আবারও ‘ওয়ান ইলেভেনের’ কথা বলে আলোচিত হন তিনি।
এরপরই বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিফোন আলাপের দুটি অডিও ক্লিপ প্রকাশ হয়, যেখানে তার কণ্ঠে পরিস্থিতিমোকাবেলায় সেনা হস্তক্ষেপের উদ্যোগে আগ্রহের সুর শোনা যায়।
ওই কথোপকথনের মধ্যে বিএনপি-জামায়াত জোটের আন্দোলন জোরদারে বিশ্ববিদ্যালয়ে ‘লাশ ফেলার’ কথাও বলতে শোনা যায় তাকে।
এই প্রেক্ষাপটে ওই বছর ২৫ ফেব্রুয়ারি মান্নাকে আটক করে পুলিশ। সেনা বিদ্রোহে উসকানি এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
