সুপ্রিম কোর্টের চাওয়া পূরণ করুন: সরকারকে বিএনপি
অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশ নিয়ে সুপ্রিম কোর্টের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেছে বিএনপি।
সোমবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধিমালার বিষয়ে প্রধান বিচারপতির যে উদ্যোগ আমরা দলের পক্ষ থেকে সাধুবাদ জানাই।
“সরকার তার আধিপত্য বজায় রাখার জন্যই সেটা করছে না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।”
সুপ্রিম কোর্ট এর গেজেট প্রকাশ করতে বললেও রাষ্ট্রপতি সিদ্ধান্ত জানিয়েছেন যে তার প্রয়োজন নেই। আইন মন্ত্রণালয় রাষ্ট্রপতির সিদ্ধান্ত নোটিসকারে জানানোর পর সোমবার আপিল বিভাগ বলেছে, রাষ্ট্রপতিকে ‘ভুল’ বোঝানো হয়েছে।
রিজভী বলেন, “সুপ্রিম কোর্ট তাদের যে চাহিদা, তারা যেভাবে বলছেন, সেভাবে সরকার এবং রাষ্ট্রপতি পদক্ষেপ গ্রহণ করবেন, যার মধ্য দিয়ে সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল আদালত নিজ শক্তিতে স্বাধীন ও স্বায়ত্তশাসিত হতে পারে।”
সুপ্রিম কোর্টের চাওয়া বাস্তবায়ন করতে সরকারের প্রতি দাবি জানান বিএনপি নেতা।
তিনি বলেন, “মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন, রাষ্ট্রপতিকে ভুল বোঝানো হয়েছে। অর্থাৎ প্রশাসন ও আমলারা ভুল বুঝিয়ে যে উত্তরটি আদালতকে দিয়েছেন, সেটা তারা ঠিক দেননি।”
