২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতিকে ভুল বোঝানো হয়েছে: আপিল বিভাগ

রাষ্ট্রপতি ‘প্রয়োজন নেই’ বলে ‘সিদ্ধান্ত’ দিলেও সর্বোচ্চ আদালত অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশ করতে সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2016, 10:05 AM

Updated : 11 Oct 2022, 09:26 PM

পুরনো খবর:

বিচারকদের চাকরিবিধির গেজেটের প্রয়োজন নেই: রাষ্ট্রপতি
বিচারকদের চাকরিবিধি: দুই সচিবকে তলব
দ্বৈত শাসন: দুই অনুচ্ছেদের বৈধতা নিয়ে আদেশ মুলতবি

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক সোমবার আদালতের তলবে হাজির হওয়ার পর প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আট বিচারকের আপিল বেঞ্চ বলেছে, বিধিমালা নিয়ে “রাষ্ট্রপতিকে ভুল বোঝানো হয়েছে।”

বার বার সময় দেওয়ার পরও সরকার মাসদার হোসেন মামলার রায়ের আলোকে ওই বিধিমালা গেজেট আকারে প্রকাশ না করায় গত ৮ ডিসেম্বর দুই সচিবকে তলব করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার সকাল ৯টায় তাদের আদালতে হাজির করতে অ‌্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে নির্দেশ দেওয়া হয়।

দুই সচিবের হাজিরার ঠিক আগের দিন সন্ধ‌্যায় আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জ‌্যেষ্ঠ সহকারী সচিব মোশতাক আহাম্মদ স্বাক্ষরিত একটি নোটিস প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশের প্রয়োজনীয়তা নেই বলে রাষ্ট্রপতি ‘সিদ্ধান্ত’ দিয়েছেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার এবং অ‌্যাটর্নি জেনারেলসহ সংশ্লিষ্টদের এ নোটিসের অনুলিপি পাঠানো হয়েছে বলেও নোটিসে জানানো হয়।

আদালতের নির্দেশনা অনুযায়ী দুই সচিব সোমবার সকালে আপিল বিভাগে হাজির হন। কার্যক্রম শুরু হলে আদালত প্রথমেই গেজেট প্রকাশের বিষয়ে জানতে চায়। 

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ সময় রাষ্ট্রপতির সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে আইন মন্ত্রণালয়ের চিঠির কথা আদালতকে বলেন এবং সেটি পড়ে শোনান। 

Image
ফাইল ছবি : বঙ্গভবন

ফাইল ছবি : বঙ্গভবন

নোটিসে যা আছে

“বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য পৃথক আচরণ বিধিমালা, শৃঙ্খলা বিধিমালা এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (সার্ভিস গঠন, সার্ভিস পদে নিয়োগ ও বরখাস্তকরণ, সাময়িক বরখাস্তকরণ ও অপসারণ) বিধিমালা-২০০৭ সংশোধনকল্পে সুপ্রিম কোর্টের প্রস্তাবিত খসড়া বাংলাদেশ গেজেটে প্রকাশের প্রয়োজনীয়তা নেই মর্মে রাষ্ট্রপতি সিদ্ধান্ত দিয়েছেন।”

এ সময় প্রধান বিচারপতি বলেন, “আমরা তো খসড়া বিধিমালার কোনো প্রস্তাব দিইনি। মাসদার হোসেন মামলার রায়ের নির্দেশনার আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরি বিধিমালা ১৪ বছরেও বাস্তবায়ন করেননি।”

তিনি বলেন, সরকারই শৃঙ্খলা বিধিমালার খসড়া করে সুপ্রিম কোর্টে পাঠিয়েছে। ওই খসড়ার সঙ্গে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে বিধিমালা রয়েছে তার কোনো পার্থক্য ছিল না। এ কারণে মাসদার হোসেন মামলার রায়ের আলোকে আদালত ওই খসড়া সংশোধন করে দিয়েছে।

“আমরা তো কোনো প্রস্তাব পাঠাইনি। রাষ্ট্রপতিকে ভুল বোঝানো হয়েছে। এ রকম করলে সরকার চলবে?”

বিচারপতি মো. আব্দুল ওয়াহহাব মিয়া এ সময় বলেন, “নতুন নয়, সরকারের খসড়া সংশোধন করে দিয়েছি।” 

অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, “গেজেট জারি নিয়ে আপনারা কমপ্লেক্স সৃষ্টি করছেন।” 

এরপর আদালত দুই সচিবকে ডাকেন। প্রথমে আইন মন্ত্রণালয়ের ড্রাফটিং উইংয়ের সচিব মো. শহীদুল হক বলেন, আইনের খসড়া প্রণয়ন তার বিভাগ থেকেই করা হয়।

আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক বলেন, “আপনাদের সংশোধিত খসড়া রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। এরপর যে সিদ্ধান্ত এসেছে তার ভিত্তিতে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।” 

এক পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, “সংসদীয় সরকার পদ্ধতিতে রাষ্ট্রপতি হচ্ছে নামমাত্র। আপনারা যেটি পাঠাবেন তিনি সেটিই করবেন। প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া রাষ্ট্রপতির আর কিছু করার আছে কি?” 

পরে আইন সচিব বলেন, “আপনারা যে আদেশ দেবেন তা বাস্তবায়ন করব।”

অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, “মাসদার হোসেন মামলার রায় আপনারা মেনে নিয়েছেন। রায়ের ৮০ ভাগ বাস্তবায়ন করা হয়েছে। এখন শৃঙ্খলা বিধিমালার গেজেট জারি করে নিয়ে আসুন। এজন্য ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হল।”

অ্যাটর্নি জেনারেল বলেন, “এই বার্তাটি তো কনভে করতে হবে। আরও সময় দরকার।” 

পরে বিচারপতি ওয়াহহাব মিয়া বলেন, “এক মাস তো কম সময় নয়, যথেষ্ট। গেজেট জারি করতে তো মন্ত্রিসভা বা সংসদে যেতে হবে না।” 

প্রধান বিচারপতি বলেন, “এই বিধিমালার গেজেট জারি করলে সরকারের কোনো ক্ষতি হবে না।” 

পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, “শৃঙ্খলাবিধি নিয়ে গেজেট প্রকাশ সংক্রান্ত সমস্যা হয়েছে। সমস্যা সমাধানে সময় প্রয়োজন। তাই আমরা দুই মাস সময়ের আবেদন করেছিলাম। আদালত সময় মঞ্জুর করে ১৫ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি রেখেছেন। আদালত গেজেট প্রকাশ করে নিয়ে আসতে বলেনি।” 

Image
পুরান ঢাকার আদালত পাড়ায় রয়েছে হাকিম ও জজ আদালতের এজলাস

পুরান ঢাকার আদালত পাড়ায় রয়েছে হাকিম ও জজ আদালতের এজলাস

মামলা বৃত্তান্ত

মাসদার হোসেন মামলার চূড়ান্ত শুনানি করে ১৯৯৯ সালের ২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরকারের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করতে ঐতিহাসিক এক রায় দেয়।

ওই রায়ে আপিল বিভাগ বিসিএস (বিচার) ক্যাডারকে সংবিধান পরিপন্থি ও বাতিল ঘোষণা করে। একইসঙ্গে জুডিশিয়াল সার্ভিসকে স্বতন্ত্র সার্ভিস ঘোষণা করা হয়। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার জন্য সরকারকে ১২ দফা নির্দেশনা দেয় সর্বোচ্চ আদালত।

মাসদার হোসেন মামলার রায়ের পর ২০০৭ সালের ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে বিচার বিভাগের কার্যক্রম শুরু হয়। আপিল বিভাগের নির্দেশনার পর গত বছরের ৭ মে আইন মন্ত্রণালয় নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার একটি খসড়া প্রস্তুত করে সুপ্রিম কোর্টে পাঠায়।

সরকারের খসড়াটি ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার অনুরূপ হওয়ায় তা মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থি বলে গত ২৮ আগাস্ট শুনানিতে জানায় আপিল বিভাগ।

এরপর ওই খসড়া সংশোধন করে সুপ্রিম কোর্ট আইন মন্ত্রণালয়ে পাঠায়। সেইসঙ্গে ৬ নভেম্বরের মধ্যে তা চূড়ান্ত করে প্রতিবেদন আকারে আদালতে উপস্থাপন করতে বলা হয় আইন মন্ত্রণালয়কে।

গত ৬ নভেম্বর সে অনুসারে মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় আসে। কিন্তু রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ বিষয়ে কোনো অগ্রগতি জানাতে পারেননি। পরে আপিল বিভাগ বিধিমালা চূড়ান্তের বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তা লিখিতভাবে জানাতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়ে ৭ নভেম্বর আদেশের দিন ধার্য করে।

ওই দিন অ্যাটর্নি জেনারেল সময়ের আবেদন জমা দেন, যাতে বিধিমালাটি রাষ্ট্রপতির কাছে পাঠানোর কথা উল্লেখ করেন তিনি। তখন সর্বোচ্চ আদালত ২৪ নভেম্বর পর্যন্ত সময় দেন। ২৪ নভেম্বর অ্যাটর্নি জেনারেল গেজেট প্রকাশে আরও এক সপ্তাহ সময় চাইলে আপিল বিভাগ তা মঞ্জুর করে। পরে ১ ডিসেম্বর আইনমন্ত্রী ফিলিপিন্সে রয়েছেন বলে ফের এক সপ্তাহ নেয় রাষ্ট্রপক্ষ।

এরপর ৮ ডিসেম্বর প্রধান বিচারপতি শুনানিতে উপস্থিত অ্যাটর্নি জেনারেলকে বলেন, “আপনাকে মৌখিকভাবে বলছি, সোমবার সকাল ৯টায় দুই সচিবকে নিয়ে হাজির হবেন। এটা একটা মেসেজ। পারলে ওই দুইজনকে আইনের খসড়া নিয়ে হাজির হতে বলবেন।”

Image
বাংলাদেশের সংবিধান

বাংলাদেশের সংবিধান

‘দ্বৈত শাসন’

বিচার বিভাগ স্বাধীন হলেও বদলি-পদায়ন থেকে শুরু করে নানা বিষয়ে স্বাধীনভাবে পদক্ষেপ নিতে না পারার কথা বলে আসছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।

এই বিষয়টিকে ‘দ্বৈত শাসন’ আখ‌্যায়িত করে শনিবারও এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের ১১৬ এবং ১১৬ (এ) সংবিধানের প্রিন্সিপালসের সাথে কনফ্লিক্ট করে। যার পরিপ্রেক্ষিতে এই দুই বিধান সংবিধানের পরিপন্থি, যা আমাদের পবিত্র বই থেকে অতি তাড়াতাড়ি সরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এটা থাকায় আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা করতে বেশ বেগ পেতে হচ্ছে।”

সংবিধানের ওই দুটি অনুচ্ছেদে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা এবং বিচার বিভাগীয় কর্মকর্তাদের বিচারকাজ পরিচালনার ক্ষেত্রে স্বাধীনতার বিষয়টি উল্লেখ রয়েছে।

১১৬ অনুচ্ছেদ: বিচার-কর্মবিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচারবিভাগীয় দায়িত্বপালনে রত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল- নির্ধারণ, পদোন্নতিদান ও ছুটি মঞ্জুরীসহ) ও শৃংখলাবিধান রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকিবে এবং সুপ্রিম কোর্টের সহিত পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক তাহা প্রযুক্ত হইবে।

১১৬ (ক) অনুচ্ছেদ: এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে বিচার-কর্মবিভাগে নিযুক্ত ব্যক্তিগণ এবং ম্যাজিষ্ট্রেটগণ বিচারকার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন।

প্রধান বিচারপতির বক্তব‌্যের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক রোববার সাংবাদিকদের বলেন, “এখন যেই অনুচ্ছেদগুলো (সংবিধানে) আছে বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারে, অনুচ্ছেদ ১১৬ (ক)-তে যেটা আছে, সেটা কিন্তু সরকার বা নির্বাহী বিভাগ সম্পূর্ণভাবে মেনে চলে।

“বিচারিক কাজে বিচারক এবং বিচারপতিবৃন্দকে কোনোভাবেই নির্বাহী বিভাগ কোনো হস্তক্ষেপ করে না। এটা আমরা করি না … আমি মনে করি ১১৬ (ক) আমরা সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগ বলেন, অন্যান্য বিভাগ বলেন, আমরা সম্পূর্ণ মেনে চলছি, সম্মান করে যাচ্ছি এবং সম্মান করে যাব।”