তারেকের ৫ মামলার বাধা কাটল, আত্মসমর্পণের নির্দেশ
বিগত জরুরি অবস্থার সময় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির তিন মামলার স্থগিতাদেশ তুলে নিয়ে জামিন বাতিল করে তাকে এক মাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
খালেদা জিয়ার বড় ছেলে তারেকের কর ফাঁকির দুই মামালার স্থগিতাদেশও আদালত তুলে নিয়েছে। ফলে পরোয়ানা মাথায় নিয়ে গত আট বছর ধরে লন্ডনে অবস্থানরত তারেকের বিরুদ্ধে এই পাঁচ মামলার বিচার চালিয়ে রিতে আর কোনো আইনি বাধা থাকল না।
রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যার্টনি জেনারেল তাপস কুমার বিশ্বাস। তারেকের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন আদালতে গেলেও আইনের দৃষ্টিতে তার মক্কেল পলাতক থাকায় তিনি শুনানির সুযোগ পাননি।
চাঁদাবাজির ৩ মামলা
>> আবদুল মোনেম লিমিটেডের মহাব্যবস্থাপক খায়রুল বাশার ১০ কোটি ৩০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে তারেকের বন্ধু ও ব্যবসায়িক অংশীদার গিয়াস উদ্দিন আল মামুনসহ সাতজনের বিরুদ্ধে ২০০৭ সালের ৯ এপ্রিল শাহবাগ থানায় মামলা করেন। পরে তারেক রহমানকেও এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরের বছর হাই কোর্ট এ মামলার কার্যক্রম স্থগিত করে তারেককে জামিন দেয়।
>> উদয় টাওয়ারের মালিক ঠিকাদার আমীন আহমেদ ভুঁইয়া এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে ২০০৭ সালের ৮ মার্চ তারেক রহমান ও তার একান্ত সহকারী মিয়া নুর উদ্দিন ওরফে অপুর বিরুদ্ধে দ্রুতবিচার আইনে গুলশান থানায় মামলা করেন। হাই কোর্টের আদেশে ওই বছরই মামলাটি স্থগিত হয়ে যায়, জামিন পান তারেক। পরে আপিল বিভাগেও স্থগিতাদেশ বহাল থাকে।
>> মার্শাল ডিস্টিলারি নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হারুন ফেরদৌসী ৮১ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ২০০৭ সালের ২৭ মার্চ গুলশান থানায় তারেক, মামুনসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন। পরে মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় নেওয়া হলে তারেকের পক্ষে হাই কোর্টে রিট আবেদন হয়। ওই বছরই মামলাটির কার্যক্রম স্থগিত করা হয় এবং তারেককে জামিন দেয় আদালত।
কর ফাঁকির দুই মামলা
>> জাতীয় রাজস্ব বোর্ড ২০০৬-০৭ করবর্ষে ২৪ লাখ ৩৯ হাজার ২২৬ টাকার কর ফাঁকির অভিযোগে তারেকের বিরুদ্ধে মামলা করে। ওই বছর ডিসেম্বরে মামলার কার্যক্রম স্থগিত করে উচ্চ আদালত।
>> ২০০২-০৩ এবং ২০০৫-০৬ করবর্ষে ২৬ লাখ ৮৬ হাজার টাকা আয়কর ফাঁকি দেয়ার অভিযোগে ২০০৮ সালের ৪ অগাস্ট জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তারেকের বিরুদ্ধে মামলা করে। ওই বছর ২৭ আগস্ট এ মামলায় হাই কোর্ট থেকে জামিন পান তারেক, মামলার কার্যক্রমও স্থগিত হয়ে যায়।
২০০৭ সালে মার্চ মাসে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন তারেক রহমান। পরে জামিনে মুক্ত হয়ে ওই বছর সেপ্টেম্বরে চিকিৎসার জন্য লন্ডন যান তিনি। তখন থেকে পরিবার নিয়ে সেখানেই আছেন।
ইতোমধ্যে মুদ্রা পাচারের এক মামলায় তাকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকার অর্থদণ্ড দিয়েছে হাই কোর্ট। এছাড়া শেখ হাসিনাকে হত্যারচেষ্টা, রাষ্ট্রদ্রোহ, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে আরও কয়েক ডজন মামলা রয়েছে এই বিএনপি নেতার বিরুদ্ধে।
