২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভয় পেয়ে সমাবেশ করতে দিচ্ছে না সরকার: খালেদা

সরকার ভয় পেয়েই বিএনপিকে ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সমাবেশ করতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2016, 11:36 PM

Updated : 11 Oct 2022, 09:00 PM

পুরনো খবর:

সোহরাওয়ার্দী না পেয়ে নয়া পল্টনের আবেদন বিএনপির
সমাবেশের জন‌্য বিএনপির চিঠি পেলে প্রয়োজনীয় ব‌্যবস্থা: ডিএমপি কমিশনার
পুলিশ ‘মিথ‌্যাচার’ করছে: রিজভী

শনিবার রাতে জাতীয়তাবাদী মহিলা দলের জেলা নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “এই অবৈধ সরকার আমাদের কোনো কর্মসূচি করতে দেয় না।

“৭ নভেম্বর আমরা বরাবর পালন করেছি। এবার আমরা একটা জনসভা করবো, তারা করছে, তারা করতে পারে, আমাদেরকে করতে দিতে চায় না। ভয় পায়।”

‘বিপ্লব ও সংহতি দিবস’ এর অংশ হিসেবে প্রথমে ৭ ও পরে ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছিল বিএনপি। কিন্তু পুলিশ সোহওরায়ার্দীতে সমাবেশের অনুমতি দেয়নি।

পরে ৮ নভেম্বর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হলেও বিএনপি কোনো চিঠি পুলিশ পায়নি বলে শনিবার গণমাধ্যমকে জানিয়েছেন ডিএমপি কমিশনার।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন ১৯৭৫ সালের ৭ নভেম্বর জিয়াউর রহমানের উত্থান ঘটে, যার হাত দিয়ে পরে প্রতিষ্ঠা পায় বিএনপি।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর রাজনৈতিক পালাবদলের এক পর্যায়ে সেনানিবাসে বন্দি তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়া ৭ নভেম্বর মুক্ত হন। পরে তিনি রাষ্ট্রক্ষমতা নেন, তার তত্ত্বাবধানে গঠিত হয় বিএনপি।

এই দিনটি বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস হিসেবে পালন করে আসছে। অন‌্যদিকে আওয়ামী লীগ পালন দিনটি করে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত‌্যা দিবস’ হিসেবে। আর তাদের এখনকার রাজনৈতিক মিত্র জাসদ দিনটি ‘সিপাহি জনতার অভ‌্যুত্থান দিবস’ হিসেবে পালন করে।

মহিলা দলের নেতাদের সঙ্গে মতবিনিময়ে সমাবেশের অনুমতি না দেওয়ার সমালোচনা করেন বিএনপি নেত্রী খালেদা জিয়া।

তিনি বলেন, “জনগণকে তারা ভয় পায়। পয়সা দিয়ে লোক আনতে হয় না, ওইসব গুণ্ডা-পাণ্ডা আনতে হয় না। দেখেছেন, আমাদের সমাবেশে দলের লোকজন আসে, জনগণ আসে। সেই সমাবেশে এতো বড় হয়, সেটা দেখে তারা ভয় পায়। আমাদের সমাবেশকে ভয় পায় বিধায় আমাদেরকে সমাবেশ পর্যন্ত করতে দেয় না।”

এ অবস্থা দীর্ঘদিন চলতে পারে না মন্তব্য করে খালেদা জিয়া বলেন, “এভাবে মানুষকে দীর্ঘদিন ধরে আটকে রাখা যায় না, মানুষের মুখ বন্ধ করে রাখা যায় না।”

বাধা ডিঙিয়ে দলের কর্মসূচি করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তাতে জনগণকে সঙ্গে পাওয়ার আশা ব্যক্ত করেন বিএনপি নেত্রী।

“আমাদেরকে বের হতে হবে। আমরা বের হব। আমরা কর্মসূচি করব। ইনশাল্লাহ জনগণকে আমাদের সাথে পাব।”

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের জেলা নেতাদের সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠান হয়।

এর আগে শুক্রবার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহিলা দলের জেলা প্রতিনিধিদের সম্মেলন হয়, যাতে সারাদেশ থেকে সংগঠনটির ৭৮টি সাংগঠনিক জেলার প্রতিনিধিরা অংশ নেন।

গত ২৭ সেপ্টেম্বর মহিলা দলের আফরোজা আব্বাসকে সভানেত্রী ও সুলতানা আহমেদকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেয় বিএনপি।

মহিলাদলের নেত্রীদের মতবিনিময়ের সময় চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম ‘আকাশচুম্বী’ বলে অভিযোগ করেন বিএনপি নেত্রী।

তিনি বলেন, “প্রতিটি জিনিসের দাম বেশি। অন্যদিকে কৃষকরা ধানে দাম পায় না। তারা পণ্য উৎপাদন করতে উৎসাহ হারিয়ে ফেলছে। সেখানেও সরকারি দলের লোকেরা মুনাফা নিয়ে যাচ্ছে।”

১০ টাকা কেজি দামে হতদরিদ্রদের চাল ক্ষমতাসীনরা লুট করে নিচ্ছে বলেও অভিযোগ করেন খালেদা জিয়া।

দেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে বিএনপি প্রধান বলেন, “আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি কারো কথা শুনে চলার জন্য নয়, বা কারো শৃঙ্খলে আবদ্ধ হওয়ার জন্য নয়। আমরা স্বাধীন সার্বভৌম একটা দেশ, এটা সকলকে বুঝতে হবে।

“যারা এটা বুঝে না, তাদের আমাদের বুঝিয়ে দিতে হবে যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এখানে ১৬ কোটি লোক আমরা- এই ১৬ কোটি লোক আমরা কারো ডিকটেশনে, কারো নির্দেশে চলবো না।”

শুধু ক্ষমতায় থাকার জন্য দেশের স্বাধীনতা বিকিয়ে দেওয়া বিএনপি মেনে নিতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

মহিলা দলের নেতাদেরকে সংগঠন শক্তিশালী করার জন্য তাগিদ দেন খালেদা জিয়া।

দেশে একটি ‘সুষ্ঠু নির্বাচনের’ প্রয়োজন মন্তব্য করে এজন্য নির্বাচন কমিশন পুনর্গঠন ও পুনর্বিন্যাসের দাবি জানান সাবেক এই প্রধান মন্ত্রী।

তিনি বলেন, “মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে, নির্বাচনী ব্যবস্থাকে ঠিক করতে হবে। নির্বাচন কমিশন পুনর্গঠন ও পুনর্বিন্যাস করতে হবে। এরপর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে।

“তাহলে দেশে গণতন্ত্র ফিরে আসবে, আইনের শাসন ফিরে আসবে। একটা জবাবদিহি সংসদ হবে যেখানে সুন্দর বির্তক হবে, সরকারি দলও থাকবে, বিরোধী দলও থাকবে।”

দেশে বর্তমান সরকারের আমলে ব্যাপক দুর্নীতি হচ্ছে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, “এরা দুর্নীতি করেই যাচ্ছে, করেই যাচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না, জবাবদিহিতা হচ্ছে না। কার কাছে জবাবদিহি করবে। তেনারাই তো সর্বেসর্বা।”

দেশে বিচার বিভাগ থাকলেও তার কোনো ক্ষমতা নেই মন্তব্য করে বিএনপি নেত্রী বলেন, “সরকারই সব নিয়ন্ত্রণ করছে।”

আফরোজা আব্বাসের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মহিলা বিষয়ক সম্পাদক নুরী আরা সাফা, মহিলা দলের সুলতানা আহমেদ, নুরজাহান ইয়াসমীন, জেবা খান, হেলেন জেরিন খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।