২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশের জন‌্য বিএনপির চিঠি পেলে প্রয়োজনীয় ব‌্যবস্থা: ডিএমপি কমিশনার

নয়া পল্টনে সমাবেশের অনুমতি চেয়ে বিএনপির পক্ষ থেকে এখনও কোনো আবেদন না পাওয়ার কথা জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2016, 04:32 PM

Updated : 20 Aug 2022, 02:08 PM

শনিবার সকালে মিরপুর পুলিশ লাইন্সের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট মিলনায়তনে পুলিশের বিশেষ শাখা স্পেশাল উইপন্স অ‌্যান্ড ট‌্যাকটিস- সোয়াটের প্রশিক্ষণপ্রাপ্ত সদস‌্যদের মধ‌্যে সনদ বিতরণের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

‘বিপ্লব ও সংহতি দিবস’ এর অংশ হিসেবে প্রথমে ৭ ও পরে ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করেছিল বিএনপি। কিন্তু পুলিশ সোহওরায়ার্দীতে সমাবেশের অনুমতি দেয়নি।

পরে ৮ নভেম্বর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে বলে শুক্রবার বিকালে দলের জ‌্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান।

বিএনপির সমাবেশের অনুমতি বিষয়ে জানতে চাইলে পুলিশ কমিশনার আছাদুজ্জামান বলেন, “নয়া পল্টনে সমাবেশের অনুমতি চেয়ে বিএনপির কাছ থেকে আমরা কোনো চিঠি পাইনি। চিঠি পেলে নিরাপত্তার ব‌্যাপারে প্রয়োজনীয় ব‌্যবস্থা নেওয়া হবে।”

এর আগে সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব‌্যে তিনি বলেন, “বাংলার মাটিতে কোনো জঙ্গির স্থান হবে না। যেকোনো মূল্যে জঙ্গিবাদকে নির্মূল করা হবে।”

তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে সোয়াট-এর প্রয়োজনীয়তা ব্যাপক। আমরা গুলশান হামলার পর সোয়াটের প্রয়োজনীয়তা অনুধাবন করেছি। সোয়াট সদস্যদের সক্ষমতা বৃদ্ধির জন্য ২০ জন পুলিশ সদস্যকে এক মাসের বিশেষ প্রশিক্ষণ দিয়েছি।

“বর্তমানে সোয়াটের সদস্য ৭০ জনে দাঁড়িয়েছে। অচিরেই আমরা ১০০ জনের সুপ্রশিক্ষিত সোয়াট টিম গঠন করব, যা জঙ্গিবাদ দমনে বিশেষ ভূমিকা রাখবে।”

তিনি প্রশিক্ষিত সোয়াট সদস‌্য ও প্রশিক্ষকদেরকে সনদ, সম্মাননা ও আর্থিক পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে অন‌্যদের মধ‌্যে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. শাহাবউদ্দিন কোরেশি, কাউন্টার টেরোরিজম উইনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম, যুক্তরাষ্ট্র দূতাবাসের একজন প্রতিনিধি।