২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোহরাওয়ার্দী না পেয়ে নয়া পল্টনের আবেদন বিএনপির

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেয়ে ৮ নভেম্বর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালযের সামনে সমাবেশের অনুমতি চেয়ে ফের আবেদন করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2016, 07:24 PM

Updated : 20 Aug 2022, 02:08 PM

শুক্রবার বিকালে জাতীয়তাবাদী মহিলা দলের এক সভায় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

তিনি বলেন, “আমরা জাতীয় একটি ঐতিহাসিক দিনে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করব, আপনারা (পুলিশ) দিলেন না। তাহলে আমাদেরকে পার্টি অফিসের সামনে দিন, আমরা দরখাস্ত করেছি।”

‘বিপ্লব ও সংহতি দিবস’ এর অংশ হিসেবে প্রথমে ৭ ও পরে ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করেছিল বিএনপি। কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সোহওরায়ার্দীতে সমাবেশের অনুমতি দেওয়া হবে না।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একই স্থানে একাধিক রাজনৈতিক দলসমাবেশ ডাকায় নিরাপত্তাজনিত কারণে কাউকে ৭ ও ৮ নভেম্বর সমাবেশ করতে দেওয়া হবে না।”

বিএনপি ছাড়া আর কোন দল ওই দুই দিন সমাবেশের অনুমতি চেয়েছে, সে প্রশ্নের কোনো উত্তর পুলিশ কর্মকর্তাদের কাছে মেলেনি।

এই পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে সাংবাদিকদের বলেছিলেন, তারা বিকল্প স্থানে সমাবেশের জন্য অনুমতি চাইবেন। এরপর বিকালে রিজভী নয়া পল্টনে অনুমতি চাওয়ার কথা জানান।

Image
রুহুল কবির রিজভী (ফাইল ছবি)

রুহুল কবির রিজভী (ফাইল ছবি)

রিজভী বলেন, “আপনারা (পুলিশ) যে অজুহাত দিয়েছেন, যে অন‌্য রাজনৈতিক দলও দরখাস্ত করেছে, সেজন্য দিতে পারলেন না। ঠিক আছে, তাহলে ৮ তারিখে আমাদেরকে পার্টি অফিসের সামনে সমাবেশ করার অনুমতি দিন।”

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত ১০টা পর্যন্ত এ ধরনের কোনো আবেদন তারা পাননি।

“পাওয়া গেলে নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”

অনুমতি পেলে বিএনপি ‘বিপ্লব ও সংহতি দিবস’ ‍উপলক্ষে নিজেদের দলীয় কার্যালয়ের সামনে ‘শান্তিপূর্ণ’ সমাবেশ করবে বলেও প্রতিশ্রুতি দেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন ১৯৭৫ সালের ৭ নভেম্বর জিয়াউর রহমানের উত্থান ঘটে, যার হাত দিয়ে পরে প্রতিষ্ঠা পায় বিএনপি।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর রাজনৈতিক পালাবদলের এক পর্যায়ে সেনানিবাসে বন্দি তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়া ৭ নভেম্বর মুক্ত হন। পরে তিনি রাষ্ট্রক্ষমতা নেন, তার তত্ত্বাবধানে গঠিত হয় বিএনপি।

এই দিনটি বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস হিসেবে পালন করে আসছে। অন‌্যদিকে আওয়ামী লীগ পালন দিনটি করে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত‌্যা দিবস’ হিসেবে। আর তাদের এখনকার রাজনৈতিক মিত্র জাসদ দিনটি ‘সিপাহি জনতার অভ‌্যুত্থান দিবস’ হিসেবে পালন করে।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দলের জেলা প্রতিনিধি সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, “৭ নভেম্বরকে সরকার ও আওয়ামী লীগ ভয় পায় বলেই তারা বিএনপিকে সমাবেশ করতে অনুমতি দেয়নি। আওয়ামী লীগ অন্ধকারের দল, গণতন্ত্র হত্যাকারীর দল। তারা জনগণের কাতার দেখলে ভয় পায়।”

পুলিশের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, “আর কোন দল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছে? আমরা তো জানি না। এর আগে তো আপনারা বলেননি। কালকে জানালেন, ঘটনাটি কী?”

‘ট্রান্সফার-পোস্টিং’ যাদের হাতে, ‘তাদের কথা শুনে’ পুলিশ কর্মকর্তারা বিএনপির একটি গণতান্ত্রিক অধিকারকে ‘হত্যা করলেন’ বলে মন্তব‌্য করেন রিজভী।

গত মাসে আওয়ামী লীগের সম্মেলনে জাঁকজমকের প্রসঙ্গে টেনে রিজভী বলেন, “ঢাকা শহরকে দখল করে এয়ারপোর্ট থেকে যাত্রাবাড়ী, যাত্রাবাড়ী থেকে গাবতলী আপনারা মরিচ বাতি জ্বালিয়ে যে কাউন্সিল করলেন, এটার উত্তর আছে? সড়ক দ্বীপ, লাইট পোস্ট দখল করে কাউন্সিলের প্রচার করলেন, এটার উত্তর আছে? আর আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সামান্য একটু সমাবেশ করব- সেটা আপনারা করতে দিলেন না।”

পুরনো খবর:

সমাবেশের জন‌্য ‘বিকল্প স্থান’ চাইবে বিএনপি
সোহরাওয়ার্দী উদ‌্যান পাচ্ছে না বিএনপি