সোহরাওয়ার্দী উদ্যান পাচ্ছে না বিএনপি
সাতই নভেম্বর বাদ দিয়ে পরদিন করতে চাইলেও সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান পাচ্ছে না বিএনপি।
ঢাকা মহানগর পুলিশ জানিয়ে দিয়েছে, ওই দুই দিন কাউকেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে দেওয়া হবে না।
‘বিপ্লব ও সংহতি দিবস’ এর অংশ হিসেবে ৭ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। তখন আওয়ামী লীগ নেতারা ওই দিনটিতে সমাবেশ প্রতিহত করার হুমকি দেয়।
এরপর বৃহস্পতিবার দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে জানান, ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেছেন তারা।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একই স্থানে একাধিক রাজনৈতিক দল সমাবেশ ডাকায় নিরাপত্তাজনিত কারণে কাউকে ৭ ও ৮ নভেম্বর সমাবেশ করতে দেওয়া হবে না।”
বিএনপি ছাড়া আর কোন দল ওই দুই দিন সমাবেশের অনুমতি চেয়েছে, সে প্রশ্নের কোনো উত্তর পুলিশ কর্মকর্তাদের কাছে মেলেনি।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন ১৯৭৫ সালের ৭ নভেম্বর জিয়াউর রহমানের উত্থান ঘটে, যার হাত দিয়ে পরে প্রতিষ্ঠা পায় বিএনপি।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর রাজনৈতিক পালাবদলের এক পর্যায়ে সেনানিবাসে বন্দি তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়া ৭ নভেম্বর মুক্ত হন। পরে তিনি রাষ্ট্রক্ষমতা নেন, তার তত্ত্বাবধানে গঠিত হয় বিএনপি।
এই দিনটি বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস হিসেবে পালন করে আসছে। অন্যদিকে আওয়ামী লীগ পালন দিনটি করে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ হিসেবে। আর তাদের এখনকার রাজনৈতিক মিত্র জাসদ দিনটি ‘সিপাহি জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করে।
বর্তমানে টলমলো অবস্থায় থাকা বিএনপির এবার ৭ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করে শক্তিমত্তা তুলে ধরতে চাইছিল। গত ২৯ অক্টোবর এক সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোহরাওয়ার্দীতে ব্যাপক জনসমাগম ঘটাতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
সেদিন ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস বলেছিলেন, “৭ নভেম্বর স্মরণকালের সমাবেশ করতে হবে। এজন্য সকলকে সকল স্তরের কমিটিকে এক হয়ে কাজ করতে হবে।”
এরপর গত ৩১ অক্টোবর দলের এক সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যার জন্য জিয়াকে দায়ী করে বিএনপির ৭ নভেম্বরের কর্মসূচি প্রতিহতের হুমকি দেন।
নানা কর্মসূচিতে বাধা পেয়ে বিএনপি বরাবই অভিযোগ করে আসছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ ভিন্নমত প্রকাশের কোনো সুযোগ দিচ্ছে না।
অন্যদিকে আওয়ামী লীগ নেতাদের দাবি, বিএনপির কর্মসূচি পালনের নামে নাশকতার বিস্তার ঘটাতে চাইছে।
