২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমঝোতা চাই, সংলাপ চাই: ফখরুল

‘সুষ্ঠু নির্বাচনের’ পথ বের করতে সংলাপে বসার জন্য সরকারের প্রতি ফের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2016, 08:29 PM

Updated : 12 Apr 2022, 03:11 AM

‘নির্বাচনী বৈতরণী’ পার হতে সরকার ফের ‘বশংবদ’ নির্বাচন কমিশন গঠনের চক্রান্ত করছে অভিযোগ করে তিনি বলছেন, তারা ‘শান্তির রাজনীতিতে বিশ্বাসী’ বলে সংলাপের মাধ্যমে সমঝোতা চাইছেন।

তার এই আহ্বানকে বিএনপির দুর্বলতা না ভাবতে সরকারকে সতর্ক করেছেন মির্জা ফখরুল।  

রোববার বিকালে রাজধানীতে এক প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, “দেশের মানুষ একটা অস্থির-শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে বাস করছে। মানুষ তাদের সকল অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ভোটের অধিকার নেই, কথা বলার অধিকার নেই, সংগঠিত হবার অধিকার নেই্, সভা করার অধিকার নেই।

“অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশে যাতে গণতন্ত্র না থাকে, দেশে যাতে বিরোধী দল না থাকে, যাতে ভিন্নমত না থাকে সেজন্য সরকার কাজ করে চলেছে।”

এই পথ থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আমরা সমঝোতা চাই, সংলাপ চাই। সংলাপের মধ্য দিয়ে একটা ‍সুষ্ঠু নির্বাচনের সঠিক পথ বের করতে চাই। আমাদের এই আহ্বানকে আপনারা দুর্বলতা মনে করবেন না।

“আমরা যেহেতু শান্তির রাজনীতিতে বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তাই বার বার আমরা সংলাপের কথা বলছি- এটা আমাদের দুর্বলতা মনে করবেন না।”

বর্তমান নির্বাচন কমিশনকে ‘সরকারের আজ্ঞাবহ’ আখ্যায়িত করে বিএনপি মহাসচিব বলেন, “আপনাদের পছন্দ মতো ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করেছেন। প্রমাণ হয়েছে- তারা অযোগ্য, অথর্ব, বশংবদ ছাড়া কিছুই নয়। একটি নির্বাচনও তারা সুষ্ঠুভাবে করতে পারেনি।

“আজকে আবার নির্বাচন কমিশন গঠন করবে, আবার বশংবদ কমিশন দিয়ে তারা নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য কাজ করছে।” 

এর বিরুদ্ধে সোচ্চার হতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, “আমাদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না। এই অশুভ দানবীয় শক্তিকে রুখতে হবে।”

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার কারাদণ্ড ও সম্পত্তি ক্রোকের প্রতিবাদে মহানগর বিএনপির উদ্যোগে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সমাবেশ হয়। চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন ঢাকার সাবেক মেয়র খোকা।

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের এক মামলায় গত সেপ্টেম্বরে একটি আদালত খোকাকে ১৩ বছরের কারাদণ্ড দেয়। আদালতের নির্দেশে তার গুলশানের একটি বাড়িসহ গাজীপুরের সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকার।

দ্রব্যমূল্য বৃদ্ধির সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “৫০ টাকার নিচে চাল নেই। প্রতিটি জিনিসের দাম আকাশচুম্বি হয়েছে। অথচ সেদিকে সরকারের কোনো খেয়াল নেই। ১০ টাকা কেজির চাল সমস্ত  সরকারি দলের লোকজন নিয়ে চলে যাচ্ছে।”

ক্ষতাসীনদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, “এতো উন্নয়নের কথা বলা হচ্ছে, যত রাস্তা-ঘাট উন্নয়নের নামে অজস্র টাকা ব্যয় করা হচ্ছে, তার চার ভাগের তিনভাগ সরকারি দলের লোকেরা নিয়ে চলে যাচ্ছে।

“ঢাকা শহরে দেখেন না কেন- উত্তরা, বনানী, গুলশান এলাকায় রাস্তা কেটে কেটে রাস্তা বানানো হচ্ছে, ভালো রাস্তা কেটে ফেলা হচ্ছে, ভালো ভালো ফুটপাতগুলো তুলে ফেলা হচ্ছে। সেখানে আবার একেবারে নিম্ন মানের কাজ নতুন করে টাইলস-টুইলস বসানো হচ্ছে।”

সভাপতির বক্তব্যে মহানগর আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, “আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক বলেছেন, দ্রুত নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি কী নেবে?

“আওয়ামী লীগের প্রস্তুতি হলো- বিএনপির সকল নেতা-কর্মীদের কারারুদ্ধ করতে হবে। এটাই হলো তাদের প্রস্তুতি। আর কোনো প্রস্তুতি ওদের লাগবে না। বিএনপির সব নেতা-কর্মীকে কারারুদ্ধ করে ফেললে কে আর নির্বাচন করতে আসবে-এটাই হলো তাদের ধারণা।”

সাদেক হোসেন খোকার অনুপস্থিতিতে তার সম্পত্তি বাজেয়াপ্তের সমালোচনা করেন তিনি।

এ প্রসঙ্গে আলোচনায় ক্ষমতাসীনদের নিয়ে মির্জা আব্বাস বলেন, “উন্নয়নের সুবাদে ওদের পকেট ভরতে ভরতে বিএনপির মানুষের পকেটে কিছু নেই, দেশের মানুষের পকেটেও কিছু নাই।”

এই প্রতিবাদ সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, মীর সরফত আলী সপু, মহানগরের কাজী আবুল বাশার, নবী উল্লাহ নবী, স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু, যুব দলের অ্যালবার্ট পি কস্টা, মহিলা দলের হেলেন জেরিন খান, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান প্রমুখ বক্তব্য রাখেন।