‘শক্তি ব্যয় করে জঙ্গি দমনে ব্যর্থ সরকার’
বিরোধী দল দমনে শক্তি ব্যয় করে সরকার জঙ্গি দমনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
শোলাকিয়ায় হামলাসহ সারাদেশে গুপ্তহত্যা ও বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে রোববার গণতান্ত্রিক বাম মোর্চার সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সরকার রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য রাজনৈতিক দলকে দোষারোপ করে নোংরা তৎপরতা দেখাচ্ছে।
“আমরা দেখতে পাচ্ছি লোমহর্ষক কোনো ঘটনা মোকাবেলা করার মত বিন্দুমাত্র প্রস্তুতি সরকারের নেই। আমার কাছে মনে হয়, এখানে কোনো না কোনো রাজনৈতিক ফাঁক-ফোকর আছে। এভাবে চলতে থাকলে আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারে।”
গুলশানের হামলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যার্থতা তুলে ধরে সাইফুল বলেন, “ওই হামলার ১২-১৪ ঘণ্টা পর কেন উদ্ধার অভিযান? এটা কি মানুষকে বোকা বানানোর তৎপরতা? এত দূর থেকে কমান্ডো বাহিনী এনে বসিয়ে রাখা হয়েছে কেন?”
গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু বলেন, “সরকার শুধু বাংলাদেশি নয়, বিদেশিদের নিরাপত্তা দিতেও ব্যর্থ। দেশে জঙ্গিবাদের কোনো ঘটনা ঘটলেই বিরোধীদের দোষারোপ করা শুরু হয়। কিন্তু প্রত্যেকটা ঘটনার দায় তাদেরকে দেবে এটা হতে পারে না। তাদের ওপর দোষ চাপানোয় প্রকৃত অপরাধীরা পার পেয়ে যাচ্ছে।”
‘বিনা বিচারে হত্যার’ সমালোচনা করে তিনি বলেন, জঙ্গি পেলেই ক্রসফায়ারে দেওয়া হচ্ছে কেন? তাদের কাছ থেকে সব তথ্য বের হয়ে গেলে কোনো সমস্যা? বাঁচিয়ে রাখলে প্রকৃত পৃষ্ঠপোষক কে বা কারা তা বের হত। ক্রসফায়ারের কারণে আমরা তা জানতে পারছি না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক, বাসদ (মার্কসবাদী) নেতা শুভ্রাংশু চক্রবর্ত্তী জানান, উগ্রবাদী সন্ত্রাসের প্রতিবাদে ১৩ জুলাই দেশব্যাপী ‘বিক্ষোভ দিবস’ ঘোষণা করা হয়েছে।
“দেশে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার দায় মহাজোট সরকার এড়াতে পারে না। এখনও সরকার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত না করে দলীয় স্বার্থে ব্লেম গেইম ও রাজনৈতিক ফায়দা হাসিলের খেলা খেলছে।”
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার, বাসদ (মাহবুব)-এর কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন লিটন, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
