২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরিকুলের সুস্থতার জন্য দোয়া

কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিসাধীন তরিকুল ইসলামের সুস্থতার জন্য নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে তার দল বিএনপির পক্ষ থেকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2016, 03:55 PM

Updated : 20 Aug 2022, 12:34 PM

বৃহস্পতিবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের সুস্থতার জন্য দোয়ার আয়োজন করা হয়।

বিএনপির জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আবদুল্লাহ আল নোমান, রুহুল কবির রিজভী, আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, শামীমুর রহমান শামীম, আবদুস সালাম আজাদ, আনোয়ার হোসেনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়ায় অংশ নেন।

গত ২০ এপ্রিল গুরুতর অসুস্থ তরিকুলকে উন্নত চিকিৎসার জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সঙ্গে তার স্ত্রী নার্গিস ইসলাম ও ছোট ছেলে অনিন্দ্য ইসলাম অমিতও গেছেন।

দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, “তরিকুল ইসলাম একজন আপাদমস্তক রাজনীতিবিদ, জনগণের পক্ষে কথা বলতে গিয়ে জনগণের পক্ষে রাজনীতি করতে গিয়ে সামরিক স্বৈরশাসন ও গণতন্ত্রের লেবাসে স্বৈরশাসনের নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন বিভিন্ন সময়ে।

“আজ দারুণভাবে অসুস্থ আমাদের এই নেতা। সিঙ্গাপুরে চিকিসা নিচ্ছেন। গতকালও তার সঙ্গে কথা হয়েছে। কিডনির জটিলতায় ডাক্তাররা তাকে ডায়ালাইসিস করার পরামর্শ দিয়েছেন।”

অসুস্থ এই নেতার জন্য সবার কাছে দোয়া চান নজরুল ইসলাম খান।

তিনি বলেন, “যে অত্যাচারী ও নিপীড়নকারী সরকারের বিরুদ্ধে আমরা যারা রাজনীতি করছি, দেশের জরুরি অবস্থায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণকে রক্ষা করা, গণতন্ত্র পুনরুদ্ধার করা এবং দেশকে রক্ষা করার যে সংগ্রাম চলছে, সেই লড়াই-সংগ্রামে তরিকুল ইসলামের মতো নিবেদিত প্রাণ ও অভিজ্ঞ এবং সংগ্রামী জননেতার বড়ই প্রয়োজন।”

দলের অসুস্থ জ্যেষ্ঠ নেতা এম কে আনোয়ারের আশু আরোগ্য এবং প্রয়াত সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম মাস্টার, আলমগীর হায়দারের জন্যও দোয়া করা হয়।