ড্যান্ডি ডায়িং: খালেদার সময়ের আবেদনে পেছাল সাক্ষ্যের দিন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন করায় পিছিয়ে গেছে ড্যান্ডি ডায়িংয়ের বিরুদ্ধে সোনালী ব্যাংকের ৪৫ কোটি টাকা ঋণখেলাপের মামলার সাক্ষ্যগ্রহণ।
রোববার ঢাকার এক নম্বর অর্থঋণ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌস শুনানি নিয়ে আগামী ১১ মে নতুন দিন রেখেছেন।
এ মামলায় গত ৩ এপ্রিল খালেদাসহ ১৫ বিবাদীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ওইদিন মামলার বাদী সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক নজরুল ইসলাম আংশিক সাক্ষ্য দেন।
আদালতে সোনালী ব্যাংকের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী জাহাঙ্গীর আলম।
খালেদার সময়ের আবেদনের পক্ষে আইনজীবী হেলাল উদ্দিন আদালতে বলেন, “এ মামলার আইনজীবীরা ৩ নম্বর বিশেষষ জজ আদালতে জিয়া দাতব্য মামলার শুনানিতে ব্যস্ত থাকায় আজ এ আদালতে শুনানিতে অংশ নিতে পারছেন না।”
পরে বিচারক আবেদন মঞ্জুর করে নতুন দিন ঠিক করে দেন।
গতবছর আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর তার জায়গায় মা খালেদা জিয়া, স্ত্রী শর্মিলা রহমান এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে বিবাদী করতে আবেদন করে সোনালী ব্যাংক।
আবেদনের ওই বছরের ১৬ মার্চ ঢাকার অর্থঋণ আদালত-১ এর ভারপ্রাপ্ত বিচারক রোকসান আরা হ্যাপী চারজনকে বিবাদী করেন।
২০১৫ সালের ২৪ জানুয়ারি আরাফাত রহমান কোকো হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান।
মামলার অন্য বিবাদীরা হলেন- ড্যান্ডি ডায়িং লিমিটেড, খালেদার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, খালেদার ভাই প্রয়াত সাঈদ এস্কান্দারের ছেলে শামস এস্কান্দার, সাফিন এস্কান্দার, মেয়ে সুমাইয়া এস্কান্দার, স্ত্রী নাসরিন আহমেদ, তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুন, তার স্ত্রী শাহিনা বেগম ও কাজী গালিব অহমেদ।
