২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্যান্ডি ডায়িং: খালেদাসহ ১৫ বিবাদীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

ড্যান্ডি ডায়িংয়ের বিরুদ্ধে সোনালী ব্যাংকের দায়ের করা ৪৫ কোটি টাকা ঋণখেলাপের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ বিবাদী বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 03:56 PM

Updated : 12 Apr 2022, 01:46 AM

রোববার ঢাকার এক নম্বর অর্থঋণ আদালতে মামলার বাদী সোনালী ব্যাংকের সহকারী মহা-ব্যবস্থাপক নজরুল ইসলাম আংশিক সাক্ষ্য দেন।

পরে বিচারক ফাতেমা ফেরদৌস পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১৭ এপ্রিল দিন রাখেন।

সোনালী ব্যাংকের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী জাহাঙ্গীর আলম। আর খালেদাসহ অন্যদের পক্ষে অংশ নেন মাসুদ আহমেদ তালুকদার, ব্যরিস্টার ফখরুল ইসলাম ও সানাউল্লাহ মিয়া ।

গতবছর আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর তার জায়গায় মা খালেদা জিয়া, স্ত্রী শর্মিলা রহমান এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে বিবাদী করতে আবেদন করে সোনালী ব্যাংক।

আবেদনের ওই বছরের ১৬ মার্চ ঢাকার অর্থঋণ আদালত-১ এর ভারপ্রাপ্ত বিচারক রোকসান আরা হ্যাপী চারজনকে বিবাদী করেন।

২০১৫ সালের ২৪ জানুয়ারি আরাফাত রহমান কোকো হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান।

মামলার অন্য বিবাদীরা হলেন- ড্যান্ডি ডায়িং লিমিটেড, খালেদার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, খালেদার ভাই প্রয়াত সাঈদ এস্কান্দারের ছেলে শামস এস্কান্দার, সাফিন এস্কান্দার, মেয়ে সুমাইয়া এস্কান্দার, স্ত্রী নাসরিন আহমেদ, তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুন, তার স্ত্রী শাহিনা বেগম ও কাজী গালিব অহমেদ।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ১৯৯৩ সালের ২৪ ফেব্রুয়ারি বিবাদীরা ড্যান্ডি ডায়িংয়ের অনুকূলে সোনালী ব্যাংকে ঋণের জন্য আবেদন করেন। ওই বছরের ৯ মে ব্যাংক ঋণ মঞ্জুর করে।

২০০১ সালের ১৬ অক্টোবর বিবাদীদের আবেদনে ব্যাংকের পরিচালনা পর্ষদ তাদের সুদ মওকুফ করে। পরবর্তীতে বিবাদীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংক আবারও ঋণ পুনঃতফসিলীকরণ করে। কিন্তু বিবাদীরা ঋণ পরিশোধ না করে বার বার কালক্ষেপণ করতে থাকেন।

২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি ব্যাংকের পক্ষ থেকে ঋণ পরিশোধের জন্য বিবাদীদের চূড়ান্ত নোটিস দেওয়া হলেও তারা ঋণ পরিশোধ করেননি।

ফলে ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণখেলাপির অভিযোগে ২০১৩ সালের ২ অক্টোবর ঢাকার প্রথম অর্থঋণ আদালতে মামলা করেন সোনালী ব্যাংকের সাবেক স্থানীয় শাখার জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা (বর্তমানে সহকারী মহা-ব্যবস্থাপক) নজরুল ইসলাম।

চলতি বছরের ২ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৫ বিবাদীর বিরুদ্ধে ইস্যু গঠন করেন বিচারক।

পুরনো খবর:

ড্যান্ডি ডাইং মামলার বিচার শুরু