২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বিরুদ্ধে আদালতে অভিযোগ

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বক্তব্যের কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে ‘রাষ্ট্রের বিরুদ্ধে কুৎসা রটানোর’ অভিযোগ এনেছেন এক আইনজীবী।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 12:29 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগ দায়ের করেন।

মহানগর হাকিম আশিকুর রহমান তার আর্জি শুনে দুপুরে নথি পর্যালোচনার জন্য সময় রেখেছেন।

মশিউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্র ও রাষ্ট্রভিত্তির বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগে দণ্ডবিধির ১২৩ এর ক ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।”

চলতি মাসের ২১ ডিসেম্বর রাজধানীতে একটি আলোচনা সভায় খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, “আজকে বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানা রকম তথ্য আছে।”

তার ওই বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া হয়। বক্তব্য প্রত্যাহার করে খালেদাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। এক আইনজীবী উকিল নোটিস পাঠিয়ে খালেদাকে তার বক্তব্য প্রত্যাহার করে নিতে বলেন এবং নড়াইলে বিএনপি চেয়ারপারসনের নামে একটি মামলাও করা হয়।

পুরনো খবর:

মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে খালেদার সংশয়
শহীদের সংখ্যা: জরিপ করতে বলল বিএনপি